ভারতের সাবেক এমএলএসহ ৩ জনকে গুলি করে হত্যা

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলার পেছনে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং জড়িত রয়েছে বলেই সন্দেহ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সন্ধ্যায় সাবেক এমএলএ নাফে সিং রাথির গাড়িতে অতর্কিত হামলা চালান ওই বন্দুকধারী। এতে গাড়িতে থাকা তিনজন নিহত হন। আর গুরুতর আহত হন দুজন। ওই বন্দুকধারী একটি গাড়িতে করে এসে নাফে সিং রাথিকে বহনকারী গাড়িতে গুলি ছোড়া শুরু করেন। বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে তিনি পালিয়ে যান। আহতদের দ্রুত নিকটবর্তী ব্রাহম শক্তি সঞ্জিবানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পরই সাবেক এমএলএকে মৃত ঘোষণা করা হয়।
আইএনডিএল মিডিয়া সেলের প্রধান রাকেস সিং নিশ্চিত করেছেন, নাফে সিং রাথি গুলিতে প্রাণ হারিয়েছেন। নাফে সিং বাহাদুরগড়ের এমএলএ ছিলেন। সেখানেই এই গুলির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই সেখানে গেছেন আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা এখন সিসিটিভি ফুটেজ থেকে হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
গ্যাংস্টার লরেন্স বিসনই এবং তার কাছের লোক কালা জাথেদিকে এই হত্যাকাণ্ডের জন্য সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সম্পতির দ্বন্দ্ব নিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নাফে সিং হরিয়ানার রাজনৈতিক অঙ্গনে খুবই পরিচিত ব্যক্তি ছিলেন। দুইবার রাজ্যটির আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

