নোয়াখালী শহরে মাদ্রাসায় ছাত্র বলৎকার, শিক্ষকের বিরুদ্ধে মামলা

সোমবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি। এরআগে গত ৬ মার্চ বিকালে মাদ্রাসার ওই শিক্ষকের রুমে বলৎকারের শিকার হন ৬ তলার ইউনিটের ছাত্রটি।
অভিযুক্ত শিক্ষক মো. ইলিয়াছ জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের হাজী মুরশিদের রহমানের ছেলে।
ভিকটিমের পিতা প্রবাসী মুঠোফোনে জানান, তাঁর দুই ছেলের মধ্যে ১০ বছরের ছেলে ভিকটিমকে তিনি দারুল আজহার মডেল মাদ্রাসায় ভর্তি করেছেন। মাদ্রাসার হুজুর মাওলানা আবদুর জলিলের ইউনিটে থেকে পড়ালেখা করছে ভিকটিম। গত এক মাস পূর্ব থেকে ওই মাদ্রাসার শিক্ষক মো. ইলিয়াছ ভিকটিমকে বিভিন্ন অযুহাতে বিভিন্ন সময় নিজ রুমে ডেকে নিয়ে একাধিকবার জোরপূর্বক বলৎকার করে এবং বিষয়টি কাউকে জানালে মারধরের হুমকি দেয়। সর্বশেষ গত ৬ মার্চ বিকালে পুনরায় শিক্ষক মো. ইলিয়াছ ভিকটিমকে তার রুমে ডেকে নিয়ে জোরপূর্বক বলৎকার করে। এতে শিশুটির পায়ুপথে রক্তক্ষরণ দেখা দিলে ব্যাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষয়টি মুঠোফোনে তার মাকে অবহিত করে। পরে ভিকটিমের মা মাদ্রাসায় গিয়ে ঘটনাটির বিচার চাইলে মাদ্রাসা পরিচালনা কমিটি কোন বিচার না করে বরং অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে তার কাছ থেকে একটি মুছলেখা নিয়ে তাকে মাদ্রাসা ছেড়ে যেতে সহযোগিতা করে। মুচলেখায় ওই শিক্ষক ভিকটিমসহ আরো একাধিক ছাত্রের সঙ্গে অনৈতিক কর্মকান্ডের বিষয়ে স্বীকার করেন।
ভিকটিমের বাবা আরো বলেন, এই ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা ভিকটিমকে নিয়ে হাসপাতালে গেলে মাদ্রাসা পরিচালনা কমিটির লোকজন ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি চলে যেতে বাধ্য করে এবং থানায় মামলা না করার হুমকি দেয়। পরবর্তীতে তিনি নোয়াখালীর পুলিশ সুপারের সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলেন এবং পুলিশ সুপারের নির্দেশ রোববার দুপুরে থানায় ভিকটিম’সহ তাঁর মাকে পাঠিয়ে মামলা দায়ের করেন।
দারুল আজহার মডেল মাদ্রাসার পরিচালক আবু সালমান বলেন, ঘটনাটি জানার পর আমরা ওই শিক্ষকের পরিবারকে ডেকে তাদের উপস্থিতিতে বিষয়টি জানার চেষ্টা করি। পরবর্তীতে তিনি বলৎকার ছাড়া ওই ছাত্রের সঙ্গে অন্যান্য খারাপ আচরণের কথা স্বীকার করেন এবং মুচলেখায় উল্লেখ করে স্বাক্ষর করেন। তার বিরুদ্ধে যেকোন আইনি প্রক্রিয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ সহযোগিতা করবেন বলেও জানান এই পরিচালক।
মামলার বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, মামলার বিষয়টি জানতে পেরে আসামি গা ডাকা দিয়েছে। তবে তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

