নোয়াখালীর এক ইউনিয়নে ১২ ইটভাটা, ভয়াবহ পরিবেশ বিপর্যয়

উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নেই ১২টি ইটভাটা গড়ে উঠেছে। ইটভাটার কারণে দিন দিন পরিবেশ বিষিয়ে উঠছে ওই এলাকায়। এদিকে পরিবেশ দূষণের ফলে স্থানীয়রা ভুগছেন শ্বাসকষ্ট’সহ নানা রোগে। মাঠে উৎপাদন হচ্ছে না ফসল, গাছে ধরছেনা ফল। আগামী প্রজন্মের জন্য সেনবাগের ছাতারপাইয়া হয়ে ওঠছে অনিরাপদ। সম্প্রতি বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী পরিবেশ রক্ষায় ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ঠদের নির্দেশ দিলেও ব্যবস্থা নিচ্ছেনা কেউ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
সরেজমিন সেনবাগের ছাতারপাইয়া ইউয়িনের এমকে বিব্রিক ফিল্ডে গিয়ে দেখা যায়, প্রকাশ্যে দিবালোকে ফসলি জমি থেকে মাটি কেটে স্তূপ করা হচ্ছে। সারি সারি মাটি কাটার ভেকু ব্রিক ফিল্ডের আশপাশের মাঠের পর মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছে। অথচ ব্রিক ফিল্ডের জন্য ফসলি জমি থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এমকে বিব্রিক ফিল্ড সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাব খাঁটিয়ে দিনের পর দিন মাটি কেটে সাবাড় করছে ফসলি জমি। তাছাড়া ব্রিক ফিল্ডের কালো ধোঁয়ায় প্রায়ই অন্ধকারে আচ্ছন্ন থাকে পুরো এলাকা। বিষাক্ত ধোয়া ও বাতাসের কারণে স্থানীয়রা ভুগছে নানারকম রোগে। বিশেষ করে শিশুরা হাঁচি, কাশি, শ্বাসকষ্ট রোগ, চর্ম এলার্জিসহ দীর্ঘ মেয়াদি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও এমকে বিব্রিক ফিল্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারের ভ্যাট-ট্যাক্স ফাঁকি দেয়াসহ অনেক অভিযোগ রয়েছে। পরিবেশের ছাড়পত্র থাকলেও সেখানে উল্লেখিত কোনো শর্তই মানছে না এমকে বিব্রিক ফিল্ডকর্তৃপক্ষ।
সবচে উদ্বেগের বিষয় হলো শুধু ছাতারপাইয়া ইউনিয়নেই ১২টি ইটভাটা। এসব ইটভাটার কারণে আশপাশের জমিতে হচ্ছেনা ফসল, গাছেও ধরছেনা ফল। পরিবেশ দূষিত হয়ে ব্রিক ফিল্ডের আশপাশের মানুষ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা এসব বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কোনো কাজ হচ্ছে না। বরং প্রতিবাদ করলে প্রতিবাদকারীর উপর নেমে আসে নির্যাতন ও হুমকি-দুমকি।
স্থানীয় বাসিন্দা নুর হোসেন জানান, ইটভাটার কালো ধোঁয়ার কারণে আমরা বসবাস করাই কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ছোট ছোট ছেলে-মেয়েরা প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। আমরা নানা রোগে ভূগছি। বিষয়টি কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছেন। তাছাড়া ফসলি জমি থেকে মাটি কেটে নেয়ায় আগামীকে এ অঞ্চলে খাদ্য সংকটও দেখা দিতে পারে। কারণ একদিকে ফসলি জমি থেকে তারা মাটি কেটে নিচ্ছে অন্যদিকে ইটভাটার প্রভাবে জমিতে ফসল হচ্ছে না। এই বিষয়গুলো কর্তৃপক্ষ কি দেখে না? একই কথা বলেন, ওই এলাকার কৃষক ইমাম হোসেন, রকিব উল্যাহ, আবদুর রবসহ অনেকে।
এ ব্যাপারে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ জানান, ইট ভাটাগুলোর অনুমতি দিয়ে থাকে পরিবেশ অধিদপ্তর। আপনারা তাদের সঙ্গে কথা বলুন। তারা আমাদেরকে যে ভাবে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা মতো কাজ করবো।
একই ইউনিয়নের ১২টি ব্রিক ফিল্ড থাকার বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার জানান, ইটভাটার অনুমোদনের সঙ্গে জেলা প্রশাসনও জড়িত। কেউ আমাদের কাছে আবেদন করলে নিয়ম অনুযায়ী শর্তসাপেক্ষে ইটভাটার ছাড়পত্র দিয়ে থাকি। তবুও কেউ অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, কেউ আইন অমান্য করলে ছাড় দেয়া হবে না। পরিবেশ স্বাভাবিক রাখা, ফসলি জমি রক্ষার জন্য আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। প্রয়োজনে ইটভাটাগুলোতেও অভিযান চালানো হবে।

