মিরপুরে ৬৫০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

মঙ্গলবার (৯ মার্চ) সকাল ৯ টায় ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনায় এ জমি উদ্ধার অভিযান চালানো হয়।
ঢাকা জেলা প্রশাসন অফিস জানায়, দীর্ঘদিন ধরে সরকারের এ সম্পত্তি কিছু অবৈধ দখলদার আলীনগর হাউজিং, হ্যাভেলী প্রোপার্টিজ, খাতুন প্রোপার্টিজের নামে অবৈধভাবে ক্রয়-বিক্রয় করা হচ্ছিল। এ সম্পত্তি ০৫/৭২-৭৩ এল,এ কেসমূলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনুকূলে অধিগ্রহণ করা হয়। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এ সম্পত্তি অব্যবহৃত রাখায় ২০০৯ সালে তৎকালীন ঢাকা জেলা প্রশাসক এ সম্পত্তি পুণঃগ্রহণ করেন। এর প্রেক্ষিতে ২০১৫ সালে পুণঃগ্রহণের গেজেট প্রকাশিত হয়।
প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি মতে, সাবেক মিরপুর (বর্তমান পল্লবী) থানাধীন বাউনিয়া মৌজার সি,এস ৩১০১, ৩১০২, ৩১০৩, ৩১০৪, ৩১০৫, ৩১০৬, ৩১০৭, ৩১২১ এবং ৩১২৩ দাগে পুণঃগ্রহণকৃত জমির পরিমাণ ১০.১৮ একর। গেজেট বিজ্ঞপ্তি মোতাবেক পুণঃগ্রহণকৃত এ ভূমি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে রেকর্ড সংশোধন করা হয়েছে। যার মধ্যে প্রায় ৬ একর ভূমি থেকে আজ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত এ ভূমিতে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয় এবং কাটাতারের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। অবশিষ্ট ভূমিতেও পর্যায়ক্রমে উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।
উদ্ধারকৃত এ ভূমি পরিদর্শন করে ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, জনকল্যাণে বিভিন্ন কার্যক্রমে এ ভূমি ব্যবহার করা হবে এবং সরকারি সম্পত্তি রক্ষায় ঢাকা জেলা প্রশাসনের কার্যক্রম চলমান থাকবে।
এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ভূমি উদ্ধার অভিযানে সার্বিক তত্ত্বাবধান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক। এছাড়া উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন ঢাকার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা এবং মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।

