নোায়াখালীতে সরকারি জায়গা দখল করে আ’লীগ নেতাদের ভাগবাটোয়ারা

নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের পাশে সোনাইমুড়ি থানা সংলগ্ন বাইপাস চত্তরের পাশের বিশাল সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করেন সোনইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সোনাইমুড়ি পৌরসভা যুবলীগের সহসভাপতি খোরশেদ আলম ও সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নুর উদ্দিন শামীমসহ দলীয় পাঁচ নেতা।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক ফোরলেন হওয়ার পরই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, পৌরসভা যুবলীগের সহসভাপতি খোরশেদ আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নুর উদ্দিন শামীমসহ দলীয় পাঁচ নেতা রাতের আধাঁরে সোনাইমুড়ি থানা সংলগ্ন বাইপাস চত্তরের পাশের বিশাল সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেন। থানার পাশের সরকারি এসব জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করা হলেও কোন নজর দেননি থানা কর্তৃপক্ষ। সরকারি জায়গা অবৈধভাবে দখল কর্মযজ্ঞের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দফতরের কর্র্মকর্তারাও যুক্ত রয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।
সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের জানান, জেলা বোর্ড (জেলা পরিষদ) থেকে বন্দোবস্ত নিয়া আমাদের কিছু লোক ওখানে ঘর করতেছে। সড়ক ও জনপদের ওখানে কিছুই নাই। জেলা বোর্ডের পপার লিজ রয়েছে, জেলা বোর্ডের চেয়ারম্যান সাহেব এই লিজ দিয়েছেন।
সড়ক বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার জানান, এটা আমাদের সড়ক ও জনপদ বিভাগের জায়গা, কাগজপত্র আমাদের নামেই রয়েছে। লিজ দেওয়ার এখতিয়ার জেলা পরিষদের নাই। দখলদারদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তাঁরা ওই জায়গায় স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।
সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কানিজ ফাতেমা জানান, এই বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে সরকারি জায়গা দখলের এখতিয়ার কারোই নাই। সরেজমিনে তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে আওয়ামী লীগের দলীয় পদ-পদবীর নাম ভাঙ্গিয়ে সোনাইমুড়ি রেল স্টেশন, চৌরাস্তা, বাইপাস চত্তরসহ পৌরসভার বিভিন্ন স্থানে সরকারি জায়গা দখলের মহোৎসব চলছে। অবিলম্বে এইসব দখলকৃত জায়গা উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

