জন্মদিনে স্মরণ : রোজী আফসারী

‘সূর্য সংগ্রাম’, ‘সূর্যগ্রহণ’, ‘অশিক্ষিত’, ‘গোলাপী এখন ট্রেনে’র মতো কালজয়ী সিনেমায় অভিনয়ে রেখেছিলেন মেধার স্বাক্ষর। সোনালি যুগের সুমিষ্ট হাসির মেধাবী সেই অভিনেত্রীর নাম রোজী আফসারী।
কবরী, শাবানা, ববিতাদের সময়েই দাপুটে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন মেধাবী অভিনেত্রী রোজী আফসারী। টানা চার দশক তিনি দুর্দান্ত দাপটের সঙ্গেই অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রে। বেছে বেছে ছবিতে অভিনয় করতেন। তারপরেও তাঁর ছবির সংখ্যা তিন শতাধিক।
অভিনেত্রী রোজী ১৯৬২ সালে আব্দুল জব্বার খান পরিচালিত ‘জোয়ার এলো’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তবে তিনি জনপ্রিয়তা পান নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’ ছবিতে অভিনয় করে।
তার অভিনীত অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে আছে, ‘ওরা ১১ জন’, ‘লাঠিয়াল’, ‘এতটুকু আশা’, ‘নীল আকাশের নীচে’, ‘অশিক্ষিত’, ‘প্রতিকার’ ইত্যাদি।
শুরুর দিকে জাদরেল ঘরণী চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছিলেন রোজী। এরপর তার কোমল, মোহনীয় রূপে মাতাল করেছেন সববয়সী দর্শকদের।
সংগ্রামী নারীর প্রতিভু চরিত্রে রোজী এক বিস্ময়। তার চোখ-মুখে যে আগুন দেখা যেত তার সার্থক প্রতিফলন হলো ‘লাঠিয়াল’, ‘আমার সংসার’, ‘ওমর আকবর’, ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্র সমূহে।
রোজী আফসারীকে বলা হয় ঢালিউডের সবচেয়ে মায়াবী চেহারার মা। আশির দশকে বহু ছবিতে রোজী আফসারী মায়ের চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। এর মধ্যে, ‘জোয়ার ভাটা’, ‘দ্বীপ নেভে নাই’, ‘ছোট মা’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘জুলি’, ‘অশিক্ষিত’, ‘মহেশখালীর বাঁকে’ অন্যতম।
পরিচালকদের মধ্যে নারায়ণ ঘোষ মিতা এবং এ জে মিন্টুর পরিচালনায় সর্বাধিক ছবিতে অভিনয় করেন রোজী। পরবর্তীতে স্বামী মালেক আফসারীর সাথে প্রচুর কাজ করেছেন।
নায়ক তথা জুটি হিসাবে রোজী আফসারীর সাথে অভিনেতা আনোয়ার হোসেন, খলিল, শওকত আকবর এবং বুলবুল আহমেদকে বেশি দেখা গেছে।
১৯৮৬ সালে প্রথম নারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন রোজী আফসারী। সে বছর রোজীর পরিচালনায় মুক্তি পায় চলচ্চিত্র ‘আশা নিরাশা’। চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেন মালেক আফসারী।
‘লাঠিয়াল’ ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ১৯৭৫ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। তিনি ১৯৭২ থেকে টানা ১৯৭৫ সাল পর্যন্ত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার পান।
দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগে তিনি ২০০৭ সালের ৯ মার্চ ৫৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোজী আফসারী ১৯৪৯ সালের আজকের দিনে (২৩ এপ্রিল) লক্ষ্মীপুর জেলার শমসেরাবাদে জন্মগ্রহণ করেন।

