সুবর্ণচরে সংখ্যালঘুর ওপর ইউপি চেয়ারম্যানের হামলা: প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

বুধবার (১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সুবর্ণচর
উপজেলা পরিষদ চত্বরে সংখ্যালঘুরা মানববন্ধন করে। পরে সুরর্ণচর প্রেসক্লাবে
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হামলা ও মারধরের শিকার ভুক্তভোগী উজ্জ্বল
চন্দ্র শীল।
মানববন্ধনে
বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের
সভাপতি মোহন মজুমদার, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির
সদস্য ডা.উৎপল চন্দ্র মজুমদার, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সাবেক
যুগ্ম-আহ্বায়ক কাঞ্চন মজুমদার প্রমূখ।
মানববন্ধনে
বক্তারা অভিযোগ করে বলেন, যেকোন নির্বাচন আসলেই সংখ্যালঘুদের ওপর হামলা,
বাড়ি-ঘর ভাংচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। আসন্ন সুবর্ণচর উপজেলা পরিষদ
নির্বাচনেও তার ব্যতিক্রম হলো না। সাংসদ পুত্র সাবাব চৌধুরীর আনারস
প্রতীকের পক্ষে ভোট না করায় সংখ্যালঘুদের দেওয়া হচ্ছে হুমকি-ধুমকি।
গতকাল
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার হারিছ চৌধুরী বাজারে জেলা
আওয়ামী লীগ সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান
পদপ্রার্থী অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের দোয়াত কলমের কর্মী ও
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য উজ্জ্বল চন্দ্র
শীলকে ডেকে নিয়ে তাঁর ওপর হামলা চালিয়ে বেদম মারধর করে স্থানীয় চরজুবলী
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু ও তাঁর লোকজন। বক্তরা অবিলম্বে
সংখ্যালঘু উজ্জ্বলের ওপর হামলাকারী ইউপি চেয়ারম্যান খসরুকে গ্রেফতার পূর্বক
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে,
সুরর্ণচর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হামলা ও মারধরের শিকার ভুক্তভোগী
উজ্জ্বল চন্দ্র শীল বলেন, তিনি দোয়াত কলমের ভোট করায় তাঁর ওপর প্রকাশ্যে
দিনের বেলায় হামলা চালিয়ে মারধর করেছে ইউপি চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু ও
তার লোকজন। এসময় তারা তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই
ঘটনায় তিনি চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনো কোন
ব্যবস্থা গ্রহণ করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্র মন্ত্রীর
কাছে এই ঘটনার বিচার দাবি করেন সংখ্যালঘু উজ্জ্বল চন্দ্র শীল।
চরজব্বর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ
পেয়েছি। নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তদন্ত করে অভিযোগের সত্যতা
পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

