এমপির ছেলের বিপক্ষে কাজ করায় হামলা, সুষ্ঠু নির্বাচন শঙ্কিত ভোটাররা

ভুক্তভোগী উজ্জ্বল চন্দ্র শীল বুধবার দুপুরে সুবর্ণচর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের দোয়াত কলম প্রতীকের ভোট করার কারণে হামলাকারীরা তাঁকে (উজ্জ্বলকে) এলোপাতাড়ি কিলঘুষি মেরে জখম করেছেন। পরে তিনি স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
হামলার অভিযোগে অভিযুক্ত সাইফুল্যাহ খসরু সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদের প্রার্থী আতাহার ইশরাক শাবাব চৌধুরীর সমর্থক। আতাহার ইশরাক নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নিষেধ সত্ত্বেও তিনি উপজেলা পরিষদ নির্বাচনে লড়ছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিম। তিনি লড়ছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে। নির্বাচনের মাঠে তাঁর পক্ষে কাজ করছেন উজ্জ্বল চন্দ্র শীল।
এদিকে উজ্জ্বল চন্দ্র শীলের ওপর হামলার প্রতিবাদে বুধবার সুবর্ণচর উপজেলা পরিষদ চত্তরে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়। সুবর্ণচরের শান্তিপ্রিয় সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। বক্তব্য দেন সুবর্ণচর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মোহন মজুমদার, উৎপল চন্দ্র মজুমদার, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কাঞ্চন মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল আনম চৌধুরী সেলিমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন উজ্জ্বল চন্দ্র শীল। এ কারণে মঙ্গলবার বিকেলে চরজুবলী ইউপি চেয়ারম্যান সাইফুল্যাহ খসরু নেতৃত্বে উজ্জ্বল চন্দ্র শীলের ওপর হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তাই হামলার ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান খসরুসহ তাঁর সহযোগীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
একই দিন হামলার শিকার উজ্জ্বল চন্দ্র শীল সংবাদ সম্মেলনে বলেন, তিনি সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে খায়রুল আনম চৌধুরীর দোয়াত-কলম প্রতীকের পক্ষে কাজ করছেন। এতে ক্ষুব্ধ হন অপর প্রার্থী সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরীর অনুসারীরা। মঙ্গলবার বিকেলে তিনি হারিছ চৌধুরী বাজারে গেলে চরজুবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্যাহ খসরুসহ তাঁর লোকজন অতর্কিত তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে (উজ্জ্বলকে) এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করা হয়েছে।
উজ্জ্বল চন্দ্র শীল আরও বলেন, এমপি পুত্রের বিপক্ষে ভোটের মাঠে কাজ করার কারণেই তাঁর ওপর হামলা হয়েছে। হামলাকারীরা হামলার সময় তাঁকে অকথ্য ভাষায় গালমন্দ করেছেন এবং দোয়াত-কলমের পক্ষে কোথাও কাজ করলে হত্যার হুমকিও দেন। হামলার ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি এরই মধ্যে চরজব্বার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত সাইফুল্যাহ খসরু বলেন, উজ্জ্বল চন্দ্র শীলের ওপর হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কারও ওপর হামলা বা কাউকে মারধরের অতীত কোনো রেকর্ড তাঁর নেই। উজ্জ্বল চন্দ্রের ওপর হামলার কোনো ভিডিও যদি কেউ দেখাতে পারেন, তাহলে তাঁকে যে শাস্তি দেওয়া হয়, তা তিনি মাথা পেতে নেবেন। তাঁকে (সাইফুল্যাহকে) সামাজিকভাবে হেয় করতেই মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।
দোয়াত কলমের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সাংসদ একরামুল করিম চৌধুরী ভোটের মাঠে নানাভাবে প্রভাব বিস্তার করে আসছেন। তাঁর কর্মী (দোয়াত কলম প্রতীকের) প্রবীণ আওয়ামী লীগ নেতা বশির আহমেদকে হত্যা চেষ্টা করা হয়েছে, বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এখন আবার সংখ্যালঘু উজ্জ্বল চন্দ্র শীলের হামলা চালানো হয়েছে। প্রতিনিয়ত তাঁর দোয়াত কলমের কর্মী-সমর্থকদের হামলা-মামলার হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে। এসব বিষয়ে তিনি নির্বাচন কমিশনারকে জানিয়েছেন কিন্তু কোন প্রতিকার পাচ্ছেন না বলেও অভিযোগ তোলেন।
এদিকে স্থানীয় বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বললে তাঁরা জানান, সুষ্ঠু ভোটের জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন তা এখনো এই উপজেলায় নিশ্চিত হয়নি। এমন পরিস্থিতিতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করছেন তারা।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উজ্জ্বল চন্দ্র শীল উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলমের সমর্থক। আর চেয়ারম্যান সাইফুল্যাহ খসরু আনারস প্রতীকের সমর্থক। তাঁদের দুজনের মধ্যে হারিছ চৌধুরী বাজারে তর্কাতর্কি ও হাতাহাতি হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। উজ্জ্বল চন্দ্র শীল থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে বিধি অনুযায়ী, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

