সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন: সুষ্ঠু ভোটের শঙ্কায় ভোটাররা

সরেজমিনে ঘুরে জানা গেছে, অনেকটা মর্যাদার লড়াই ও জেলা আওয়ামী লীগের জন্য
চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন। কারণ এখানে দোয়াত
কলম প্রতিকের প্রার্থী প্রবীণ আওয়ামলীগ নেতা জেলা আওয়ামী লীগের সভাপতি
বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিমের
বিরুদ্ধে ভোট করছেন আনারস প্রতিকের প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ
সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের বর্তমান সংসদ সদস্য একরামুল
করিম চৌধুরীর ২৭ বছরের ছেলে আতাহার ইসরাক সাবার চৌধুরী। নির্বাচনের শেষ
মুহুর্তে দুইজনেই কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল মিটিং ও সভা-সমাবেশ করে
যাচ্ছেন। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচন যত এগিয়ে আসছে
উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। এ উপজেলায় নির্বাচনী মাঠে চেয়ারম্যান
প্রার্থীদের পাশাপাশি ৪জন পুরষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও ৪জন নারী ভাইস
চেয়ারম্যান পদপ্রার্থীও সমান তালে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়
ভোটাররা বলছেন, সৎ, শিক্ষিত ও যোগ্য প্রার্থী দেখে ভোটাধিকার প্রয়োগ করবেন
তারা। তবে স্থানীয় সংসদ সদস্যের ছেলে প্রার্থী হওয়ায় ইতিমধ্যে দোয়াত কলমের
পক্ষে ভোটের মাঠে কাজ করায় ভোটারদের হুমকি-ধুমকি ও ভয়ভীতি প্রদর্শনের
অভোযোগ তোলেন তারা। এতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন ভোটাররা।
সাংসদ
পিতা একরামুল করিম চৌধুরী গত ১৫ বছরে সুবর্ণচরে ব্যাপক উন্নয়ন করেছেন দাবি
করে নির্বাচিত হলে পিতা-পুত্র মিলে সুবর্ণচরকে একটি মডেল উপজেলা হিসেবে
উপহার দিবেন বলে মন্তব্য করেন চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী
আতাহার ইসরাক সাবার চৌধুরী। তবে দোয়াত কলমের প্রার্থী ও তাঁর সমর্থকদের
অভিযোগ ভিত্তিহীন বলে দাবি এই প্রার্থীর।
এদিকে, বিগত দিনের উন্নয়নের
জন্য এবং স্থানীয় নেতৃত্বকে টিকিয়ে রাখতে জনগণ দোয়াত কলম প্রতিকেই ভোট
দেবেন বলে আশা করছেন বর্তমান চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।
এমপি পুত্র নির্বাচনী মাঠে বিভিন্নভাবে তাঁর কর্মী-সমর্থকদের হামলা চালিয়ে
হুমকি-ধুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন প্রবীণ এই নেতা। তিনি বলেন, ইতিমধ্যে
আনারস প্রতীকের প্রার্থী এমপি পুত্র সাবাব চৌধুরী ভোটের মাঠে প্রবাব
বিস্তার করে তাঁর দোয়াত কলম প্রতীকের কর্মী প্রবীণ আওয়ামী লীগ নেতা বসু
মোহরারসহ বেশ কয়েকজনকে হামলা চালিয়ে আহত করেছে। এসব ঘটনায় থানায় অভিযোগ
করেও কোন প্রতীকার পাননি তিনি। তবে এসব বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করার
পর আজ রোববার চরজব্বর থানার ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
নির্বাচনী
মাঠে কোনভাবেই সন্ত্রাসের রাজত্ব কায়েম এবং প্রভাব বিস্তার করতে দেওয়া হবে
না বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
শহীদুল্ল্যাহ খান সোহেল। তিনি বলেন, একরামুল করিম চৌধুরী ছেলের পক্ষে
প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে, এটা কোনবাবেই করতে দেওয়া হবে না। আমরা
তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে লিখিত পাঠিয়েছে।
সাংসদ
একরামুল করিম চৌধুরী তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী মাঠে প্রবেশ করে ছেলের
পক্ষে প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ তোলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র
সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। তিনি বলেন, ছেলের ভোটের প্রচারে গিয়ে
এমপি একরামুল করিম চৌধুরী ঘোষণা দিয়েছেন, তাঁর ছেলেকে ভোট না দিলে উন্নয়ন
বন্ধ করে দেওয়া হবে। শপথ ভঙ্গ করা এমন বক্তব্যের পরও একরামুলের বিরুদ্ধে
কোন ব্যবস্থা নেননি নির্বাচন কমিশন। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ
করেন এই নেতা।
সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্য্যান পদে ২জন,
ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা
করছেন। মোট ভোটার দুই লাখ ২৫ হাজার ১৮৮জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৯
হাজার ৫৮৮জন এবং নারী ভোটার এক লাখ ৫৬ হাজার ৯জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার
এক জন। মোট ইউনিয়ন আটটি এবং কেন্দ্র ৬১টি।
উপকূলের উর্ব্বর মাটিতে একটি অবাধ-নিরপেক্ষ, সংঘাতমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচনে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা, এমনটাই প্রত্যাশা করেন সুবর্ণচরবাসী।

