শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

‘নোয়াখালীর তিন উপজেলায় ভোট’: কেন্দ্র দখল-জাল ভোট, প্রার্থীর ভোট বর্জন

প্রকাশ: ২১ মে ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ন
‘নোয়াখালীর তিন উপজেলায় ভোট’: কেন্দ্র দখল-জাল ভোট, প্রার্থীর ভোট বর্জন

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত তিন উপজেলার ভোট গ্রহণ শেষ হয়। তিনটি উপজেলায় সকাল থেকে বিকাল পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোট কেন্দ্রে ভোটারদের জটলা দেখা যায়নি। কেন্দ্রে ভোটার অনুপস্থিতির কারণে একাধিক ভোট কেন্দ্রে এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে জাল ভোট দেওয়ার অভিযোগ ওঠে।

ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, এজেন্টদের মারধরসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করে পুনঃনির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের জেডএম আজাদ খান।

মঙ্গলবার বেলা ১২টার দিকে চাটখিল পৌরসভার নিজ বাসভবনে তিনি এই সাংবাদিক সম্মেলন করেন।

জেডএম আজাদ খান বলেন, নির্বাচনের শুরু থেকেই কেন্দ্র দখলের হুমকি, এজেন্ট ও ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন, কালো টাকায় ভোটারদের প্রভাবিত করে আসছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দোয়াত কলমের প্রার্থী জাহাঙ্গীর কবির ও তাঁর লোকজন। এসব ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার মেলেনি।

তিনি আরো বলেন, আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলে আনারস প্রতীকে ভোটারদের গণজোয়ার নামে। এতে প্রতিদ্বদ্ধী প্রার্থীর লোকজন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট মারা শুরু করে। এতে আমার এজেন্টরা প্রতিবাদ করলে তাদের বেশ কয়েকজনকে মারধর করে দোয়াত কলমের কর্মীরা। এসব কারণে সকাল ১০টার দিকে লিখিতভাবে অভিযোগ দিয়ে এই ভোট বর্জন করে পূনঃনির্বাচনের দাবি করেন আজাদ খান।

সকাল থেকে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্রে প্রকাশ্যে দোয়াত কলম ও তালা প্রতীকে সিল মারার ঘটনা ঘটে।

এদিকে, সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল সাড়ে ১০টায় আমিশাপাড়া ইউনিয়নের নজরুল একাডেমি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শামছুল আলমের ছেলে রিমন (১৯) ও কপিল উদ্দিনের ছেলে সজিবুর রহমান (১৯)। তাদের গলায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আ ফ ম বাবুল বাবুর প্লেকার্ড ঝুলানো ছিল।

অভিযান পরিচালনাকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রিমন হোসেন ভোটার সৈকত আকবর সুমনের (নম্বর-৪০৭) স্লিপ নিয়ে এবং সজিবুর রহমান ভোটার রবিউল হাসানের (নম্বর-৪০২) স্লিপ নিয়ে জাল ভোট দিতে এলে তাদেরকে শনাক্ত করি। পরে আটকরা তাদের দোষ স্বীকার করায় দুইজনকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দুপুরে নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ছয় নির্বাচন কর্মকর্তাসহ সাতজনকে হাতেনাতে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করেন।

অভিযুক্তরা হলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা তাজুল ইসলাম, কামাল উদ্দিন, পোলিং কর্মকর্তা সোলাইমান সেলিম, কোহিনুর আক্তার, শহিদুল ইসলাম, সাবিনা ইয়াসমিন ও স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান (৪০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কেন্দ্রে জাল ভোট দিচ্ছিলেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ছয় কর্মকর্তা। বিষয়টি হাতেনাতে ধরেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। পরে তাদের সোনাইমুড়ী থানায় সোপর্দ করে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটক সাতজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে, জেলার সেনবাগে ভোটার উপস্থিতি কম থাকলেও চেয়ারম্যান পদে প্রার্থী সাংসদ পুত্র সাইফুল আলম দিপু এবং প্রতিদ্বন্ধ¦ী প্রার্থী আওয়ামী লীগ নেতা আবু জাফর টিপুর কর্মী-সমর্থখদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করে।