নোয়াখালী সদরে ৩ জনপ্রতিনিধিকে পরাস্তের লড়াইয়ে নতুন মুখ

সদর উপজেলা পরিষদের এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন
উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান। তাঁর প্রতীক
আনারস। তিনি নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর অনুসারী
হিসেবে পরিচিত। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় মাঠে রয়েছেন সদর উপজেলা
পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত রেজা চৌধুরী আরমান। তাঁর প্রতীক
কাপ-পিরিচ। তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন
শাহিনের অনুসারী হিসেবে পরিচিত। মাঠের রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্যাহ খান সোহেল এর অনুসারী হিসেবে
পরিচিত সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু।
তাঁর প্রতীক মোটরসাইকেল। এই ৩ জনপ্রতিনিধিকে পরাস্ত করতে মাঠে লড়ছেন সাবেক
তুখোড় ছাত্রনেতা মো: নাজিম উদ্দিন। তাঁর প্রতীক দোয়াত কলম। তাঁর সঙ্গে
রয়েছেন উপজেলার তৃণমূলের ছাত্রলীগ ও যুবলীগের বেশিরভাগ নেতাকর্মী।
উপজেলার
বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দিতামূলক।
এই নির্বাচনে কেউ কাউকে ছাড় দেওয়ার সম্ভাবনা নেই। বর্তমান চেয়ারম্যান একেএম
সামছুদ্দিন জেহানের আনারস প্রতীকের পক্ষে সাংসদ একরামুল করিম চৌধুরীর
অনুসারী নেতাকর্মীদের সিংহভাগ কাজ করছেন। স্থানীয়দের ভাষ্যমতে- গত
নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন একেএম সামছুদ্দিন জেহান। তিনি
নির্বাচিত হওয়ার পর তাঁর অনুগত বিশেষ ব্যক্তিরা ছাড়া সাধারণ জনগণ তেমন কোনো
উন্নয়নের ছোঁয়া পায়নি। যদিও তাঁর কাছে জনগণের প্রত্যাশা ছিল তিনি
অবকাঠামো উন্নয়ন, সড়ক, কালভার্ট, পুল, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির
ব্যাপক উন্নয়ন করবেন। কিন্তু সেটি ছিল ব্যর্থ প্রত্যাশা। যার কারণ হিসেবে
তাঁর অনুসারীদের কেউ কেউ বলেন, করোনাকালীন মুহুর্তে উন্নয়ন কর্মকাণ্ড
অনেকটাই বন্ধ ছিল তাই তিনি করতে পারেননি। এই নির্বাচনে সাংসদ একরামুল করিম
চৌধুরী অনুসারী একক প্রার্থী হওয়ায় বেশ আলোচনায় রয়েছেন জেহান।
এবারের
নির্বাচনে সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের মাঝে বেশ
আলোচনায় রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী সদর উপজেলা শাখার সাবেক সাধারণ
সম্পাদক জেলা শহরের মাইজদী হাউজিং এলাকায় বেড়ে উঠা পরিচ্ছন্ন রাজনীতিবিদ
মো. নাজিম উদ্দিন। তাঁর কর্মী-সমর্থকদের ভাষ্যমতে- নাজিম উদ্দিন দীর্ঘদিন
পদপদবীহীন থাকলেও উপজেলার প্রত্যেক পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষ
এবং নেতাকর্মীদের খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। যার
কারণে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তাঁর দোয়াত কলম প্রতীকের পক্ষে
সাংসদ একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী
সেলিম, সাধারণ সম্পাদক শহীদুল্ল্যাহ খান সোহেল এবং জেলা আওয়ামী লীগের
সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের অনুসারীদের বড় একটি অংশ কাজ
করছেন। নির্বাচনে ৩জন জনপ্রতিনিধিকে পরাস্ত করতে তৃণমূলের বিশাল কর্মী
বাহিনীই নাজিম উদ্দিনের বড় হাতিয়ার। দলের তৃণমূলের বেশিরভাগ নেতাকর্মী
সঙ্গে থাকায় সাধারণ মানুষও দোয়াত কলমের প্রতি সমর্থন দিয়ে তাঁকে জয়যুক্ত
করবেন বলে আশাবাদী নাজিম উদ্দিন।
কাপ-পিরিচ
মার্কায় লড়ছেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শওকত রেজা আরমান চৌধুরী।
আওয়ামী লীগের দু:সময়ে সদর পশ্চিম অঞ্চলে নেতৃত্ব দিয়েছেন তিনি। তুখোড় এই
রাজনীতিবিদ বর্তমান জেলা পরিষদ সদস্য। গেল সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য
পদে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের ট্রাক প্রতীকের পক্ষে
কাজ করেন। যার কারণে উপজেলা পরিষদ নির্বাচনে শিহাব উদ্দিন শাহিনের
অনুসারীদের অনেকেই তাঁর কাপ-পিরিচ প্রতীকের পক্ষে কাজ করছেন। সদর পশ্চিম
অঞ্চলে একক আধিপত্য বিস্তার করতে পারলে তাঁর জয় সুনিশ্চিত বলে দাবি করেন
কাপ-পিরিচের কর্মী-সমর্থকরা।
এদিকে গত উপজেলা
পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সাধারণ
মানুষ ও দলীয় নেতাকর্মীদের বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ পরিচিতি
কুড়িয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নুর আলম সিদ্দিকী রাজু। সেই
পরিচিতি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র শহীদুল্লাহ খান সোহেল
অনুসারী হিসেবে মেয়র ব্লকের নেতাকর্মীদের পাশে নিয়ে নির্বাচনে মোটরসাইকেল
প্রতীকের পক্ষে সমর্থন চেয়ে ভোটারদের ধারে ধারে যাচ্ছেন তিনি। তাঁর
কর্মী-সমর্থকদের দাবি, অতীতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে মানুষ
মোটরসাইকেল প্রতীকের প্রতি সমর্থন দিচ্ছেন।
নির্বাচনের
পূর্বে জেলা সদরে জমজমাট প্রচার-প্রচারণায় ভোটারদের মাঝে উৎসব বিরাজ করলেও
ভোটের দিন কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হবে এই নিয়ে উদ্বিগ্ন জেলার সচেতন
নাগরিকরা।
নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং
কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল বলেন, অবাধ-নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের
জন্য সর্বাত্বক ব্যবস্থা গ্রহণ করছেন তাঁরা। সেই ক্ষেত্রে র্নিভয়ে
ভোটারদের কেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগের আহব্বান জানান এই
কর্মকর্তা।

