শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নীতিতে দুর্বল থাকবে না বাংলাদেশ-ভারত সম্পর্ক

প্রকাশ: ৬ জুন ২০২৪, ৪:২৩ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ন
নীতিতে দুর্বল থাকবে না বাংলাদেশ-ভারত সম্পর্ক

প্রসঙ্গত, ভারতের নির্বাচনে যে ফল পাওয়া গেছে তাতে বিজেপি এককভাবে ২৪০টি এবং কংগ্রেস ৯৯টি আসন পেয়েছে। তবে বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ২৯২টি আসন। ভারতের সরকার গঠনের জন্য ২৭২টি আসন দরকার হয়। বিজেপি এককভাবে এই পরিমাণ আসন না পাওয়ায় এখন তাদের জোট সরকার গঠন করতে হবে। এনডিএ জোট সরকারে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয়সহ সব ধরনের সম্পর্কের প্রভাব কী রকম পড়বে, আগের মতই সব ঠিকঠাক চলবে নাকি পরিবর্তন হবে? যদি পরিবর্তন হয় তাহলে কী কী বিষয়ে পরিবর্তন হতে পারে- এসব নিয়ে এরই মধ্যে বিশ্লেষণ শুরু হয়েছে।

পাশাপাশি এই সরকারের কাছ থেকে বাংলাদেশ তিস্তা চুক্তি বাস্তবায়ন কিংবা গঙ্গা পানি চুক্তির মেয়াদ বাড়াতে পারবে কিনা- এসব বিষয় নিয়েও আলোচনা চলছে। পানির বাইরে যেসব অমীমাংমিত বিষয় আছে সেগুলোরই সমাধান কীভাবে হবে; সেসব বিষয় নিয়েও কথা উঠেছে। গত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব বেড়েছে এবং বাংলাদেশের নির্বাচনসহ বিভিন্ন রাজনৈতিক ঘটনায় ভারতের ভূমিকা প্রকাশ্যে এসেছে বলে অনেকেই মনে করছেন। এরকম পরিস্থিতিতে শেষ পর্যন্ত কী হয়; তা এখনই বলা না গেলেও সবার নজর দুই দেশের নীতি-নির্ধাকদের পরবর্তী পদক্ষেপের দিকে থাকবে।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ গতকাল ভোরের কাগজকে বলেন, ভারতে জোট সরকার হলেও আমাদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। বরং আমাদের জন্য সুবিধা হয়েছে। তিনি বলেন, ভোটের প্রচারের সময় বিজেপি বলেছিল চারশ আসন পাবে। এখন চারশ আসন না পাওয়ায় হিন্দত্ববাদের জিগির তুলতে পারবে না। কারণ দলটি যাদের সঙ্গে জোট করেছে তারা হিন্দুত্ববাদী রাজনীতি করে না। এর ফলে ধর্ম কিংবা হিন্দুত্ববাদের বাড়াবাড়ি হবে না। এটা আমাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশ ভারতের মধ্যে কোনো প্রভাব পড়বে না। কারণ দেশটির কোনো রাজনৈতিক দলই বাংলাদেশ বিরোধী নয়। এর ফলে দেশটির যে পররাষ্ট্রনীতি রয়েছে সেটিই বহমান থাকবে বলে মনে করেন তিনি।

সংশ্লিষ্টরা বলেছেন, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত দুটি সরকারের প্রধান হিসেবে নরেন্দ্র মোদি যেভাবে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করেছেন- এবার জোট সরকারের প্রধানমন্ত্রী হয়ে সেটি করতে পারবেন কিনা তা নিয়ে খানিকটা সংশয় রয়েছে। জোট সরকারের পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা- বিশেষ করে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যেভাবে ভারত সরকারের সমর্থন পাচ্ছিলো; তা একইভাবে থাকবে কিনা তাও কারো কারো আলোচনায় আসছে।

বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন ভোরের কাগজকে জানিয়েছেন, বর্তমানে দুই দেশের মধ্যে যে সেটআপ তৈরি হয়েছে; তা কোনো পক্ষই পরিবর্তন করতে চাইবে না। তিনি বলেন, নির্বাচনের ফল যেমনই হোক না কেন, এখনো নরেন্দ্র মোদি ও বিজেপিই ক্ষমতায় থাকবে এবং তারা যাদের সঙ্গে জোট করেছে পররাষ্ট্রনীতি ইস্যুতে তাদের খুব একটা আগ্রহ দেখা যায় না। নরেন্দ্র মোদির জোটসঙ্গীরা নিজেদের রাজ্য কেন্দ্রিক চিন্তা করার জন্য বেশি পরিচিত। ফলে পররাষ্ট্রনীতি বা বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেই নীতিতে কোনো পরিবর্তন আসবে না। এমনকি ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সরকার গঠন করলেও তাতেও প্রতিবেশী নীতির ক্ষেত্রে কোনো পরিবর্তন হতো না। তারা সবাই ভারতের স্বার্থই দেখে। আরেকটা বিষয় মনে রাখা দরকার- তা হলো, গত ৩০ বছরে বাংলাদেশের জন্য যেটুকু উন্নতি হয়েছে তার কোনোটিই কংগ্রেস সরকারের সময় হয়নি। আর এখন বাংলাদেশ-ভারত যে অবস্থা এর চেয়ে ভালো কিছু তো ভারতের জন্য হতে পারে না। তাহলে কেন অহেতুক চাপ তৈরি করবে তারা?

এদিকে ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যগরিষ্ঠ আসন পাওয়ায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেন, ভারতীয় জনগণ গণতন্ত্রের অভিযাত্রাকে ধরে রেখেছে। এনডিএ জোট ভালো ফলাফল করেছে। এনডিএ জোটের নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গত ১০ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে কাজ করেছেন। সে কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন উচ্চতা তৈরি হয়েছে। তিনি বলেন, ভারতের জনগণই তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। ভারতে সংকট হলে সরকারি দলের সঙ্গে বিরোধী দল ভূমিকা রাখে। আমাদের এখানে বিরোধী দল কোনো ভূমিকা রাখে না।

তিস্তা নিয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, পশ্চিমবঙ্গে রাজ্য সরকার ক্ষমতায় আছে। তবে রাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ কাজ করে না। আমরা কাজ করি কেন্দ্রীয় সরকারের সঙ্গে। পানির ন্যায্য হিস্যা পাওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা কাজ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে সফরে যাচ্ছেন। নির্বাচনের পর এই সফরে দ্বিপক্ষীয় বিষয়ে বিস্তৃত আলোচনা হবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি মাসেই ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। দলের নেতাদের ধারণা দেশটিতে নতুন সরকার গঠিত হওয়ার পর এ সফরে উভয়পক্ষের সম্পর্ক আরো উন্নত হবে।

সংশ্লিষ্টরা বলেছেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই ভারত সরকারের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে ২০১৪ সালে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর মোদি ও শেখ হাসিনার মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার হয়েছে বলেই অনেকে মনে করেন। ২০১৪ সালের ভোটে বিজেপি ২৮২টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি করে। একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কম আসন পেয়ে ওই সময়ই বাংলাদেশের সঙ্গে ভারতের ছিটমহল চুক্তি বাস্তবায়ন করে বিজেপি। তখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রয়াত সুষমা স্বরাজ। বিরোধী দলনেতা ছিলেন অধীর চৌধুরী। ছিটমহল চুক্তি বাস্তবায়নের আগে বিরোধী দলনেতা অধীর চৌধুরীর মন্তব্য ছিল, দেশের স্বার্থে বিদেশ নীতিতে আমরা এক। পররবর্তী সময়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হন ড. এস জয়শঙ্কর। তিনি এর আগে ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন। এশিয়াসহ পুরো বিশ্বে তার আলাদা একটা সুনাম রয়েছে। দেশের রাজনৈতিক দলগুলো অন্য নেতাদের নিয়ে মন্তব্য করলেও ড. জয়শঙ্করের বিরুদ্ধে কেউ কোনো খারাপ কথা বলেননি। এর ফলে এটা বোঝা যায়, ২০১৪ সালে কম আসন পেয়েও বিজেপি সরকার যেভাবে পররাষ্ট্র নীতি সামলেছিল এবার জোট সরকার হলেও ঠিক সেটাই হবে। এতে বাংলাদেশের খুব একটা দুশ্চিন্তার কারণ আছে বলে মনে করেন না তারা। কারণ ভারতে সরকার পরিবর্তন হলেও পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কিছু বিষয়ের পরিবর্তন হয় না। তবে বাংলাদেশের ওপর নতুন সরকারের প্রভাব বা নির্বাচনের ফলের প্রভাব বুঝতে নজর রাখা দরকার হবে।

বিশ্লেষকরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত তিনটি সরকারের আমলে যে দেশটির সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছে এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে যারা সব চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, সে দেশটি ভারত। মোদির ভারতও বাংলাদেশকে কম গুরুত্ব দেয়নি। ভারতের পররাষ্ট্র নীতিতেও বাংলাদেশের গুরুত্ব গত দেড় দশকে ক্রমশ বেড়েছে।

আনুষ্ঠানিকভাবেও ভারত একাধিকবার বলেছে, সমগ্র দক্ষিণ এশিয়াতে বাংলাদেশই তাদের ‘সব চেয়ে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী’। এই সময়কালে নিরাপত্তা, প্রতিরক্ষা, কানেক্টিভিটি বা সংযোগ, অভিন্ন নদীগুলোর পানি ভাগাভাগি, স্থল ও সমুদ্র সীমায় বিরোধ নিরসন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা প্রভৃতি ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনায় অভাবনীয় অগ্রগতিও লক্ষ্য করা গেছে। তবে এর মধ্যে সবগুলো ইস্যুরই যে নিষ্পত্তি হয়ে গেছে তা বলা যাবে না। সীমান্ত বিরোধ মিটলেও সীমান্তে হত্যা নিয়ে অস্বস্তি যেমন রয়েই গিয়েছে; তেমনি আবার এক যুগ পেরিয়ে গেলেও তিস্তা চুক্তির জট এখনো খোলা যায়নি। এরই মধ্যে সামনে আসছে ৩০ বছর আগে হওয়া গঙ্গার পানি ভাগাভাগি চুক্তি। ২০২৬ সালে এই চুক্তির মেয়াদ শেষ হবে। এখন এই চুক্তির মেয়াদ বাড়াতে হবে। এ নিয়ে দুই দেশের মধ্যে কাজও শুরু হয়েছে।

এরই মধ্যে বাংলাদেশে গত ৭ জানুয়ারির নির্বাচনে জিতে শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছেন। এবার ভারতেও মোদি সরকার ফিরেছে। এতে সম্পর্কের সমীকরণ খুব একটা বদলাবে না। যদিও অতীতে দেখা গেছে, ভারতের নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন, তাদের বাংলাদেশ নীতিতে তেমন কোনো পরিবর্তন আসে না। বিশেষ করে কংগ্রেসকে পরাজিত করে বিজেপি যখন প্রথমবার ক্ষমতায় এসেছিল তখন অনেকেই মনে করেছিল, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের হয়তো অবনতি ঘটবে। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আরো নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। তবে বিভিন্ন মহল মনে করছে, নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর বাংলাদেশের ব্যাপারে কিছু ভিন্ন চিন্তা করতে পারেন। বিশেষ করে চিনের প্রভাব যেন বাংলাদেশের রাজনীতিতে না পড়ে সেজন্য হয়ত নতুন সরকার বেশ কিছু পদক্ষেপ নেবে।

এ বিষয়ে সাংবাদিক ও লেখক সুবীর ভৌমিক ভারতের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশের কাছেও ভারতের এই নির্বাচন দুটি কারণে খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত, শেখ হাসিনা চলতি বছর ক্ষমতায় ফিরলেও সেখানে সঠিকভাবে নির্বাচন হয়নি বলেই মত বাংলাদেশের অনেক মানুষের। অন্যদিকে ভারতে সাত দফায় যেভাবে নির্বাচন হয়েছে এবং বিরোধীরা যেভাবে অংশ নিয়েছে তা পুরোটাই গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে। এক্ষেত্রে ভারত থেকে বাংলাদেশের গণতন্ত্রের পাঠ নেয়া উচিত বলেই মনে করেছেন বাংলাদেশের অনেক নাগরিক। দ্বিতীয়ত, ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে মোদি ও হাসিনা দুজনেই যথেষ্ট আন্তরিক। দুই রাষ্ট্রনেতার মধ্যে সম্পর্কও অত্যন্ত ভালো। আগামী দিনে এই সম্পর্ক  আরো মজবুত হবেই বলে আশা করছেন কূটনীতিকরা। বিশেষত তিস্তা চুক্তি নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে হাসিনা সরকার। তৃতীয়বার ক্ষমতায় ফিরলে তা বাস্তবায়ন করা মোদি সরকারের কাছে অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ।  যদিও  দিল্লিতে নরেন্দ্র মোদি ও ঢাকায় শেখ হাসিনার সরকার গত এক দশকে দ্বিপক্ষীয় সম্পর্কের যে কাঠামোটা গড়ে তুলেছেন, সেটা আরো অন্তত পাঁচ বছর অক্ষুণ্ন থাকবে বলে ধরেই নেয়া যায়।