সুধারামে পুলিশের উপস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, লুটপাট

ভুক্তভোগী মঞ্জুরুল ইসলাম অভিযোগ করে বলেন, কালাদরাপ ইউনিয়ন পরিষদের
সাবেক চেয়ারম্যান আনার উল্যাহ আমার দূর সম্পর্কের আত্মীয় হয়। তার সঙ্গে ১
একর জমি ও করমূল্যা বাজারে চারটি দোকান ভিটি নিয়ে বিরোধ চলছে। কিন্তু আমার
সঙ্গে কোনো বিরোধ নেই। ওদের সাথে বিরোধের সূত্র ধরে শুক্রবার দুপুর দেড়টার
দিকে সাবেক চেয়ারম্যান আনার উল্যাহ ও সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই)
রাসেল মিত্রের উপস্থিতিতে চেয়ারম্যানের ছেলে আজাদ (৫৫) ও মালেক (৫৩) সহ
তাদের সঙ্গীয় সন্ত্রাসীরা আমার দোকানে হামলা চালায়। এরপর হামলাকারীরা
দোকানের টিন কেটে তছনছ করে দোকানে থাকা নগদ টাকা'সহ পাঁচ লক্ষ টাকার
মালামাল লুট করে নিয়ে যায়।
অভিযোগের বিষয়ে
জানতে চাইতে আনার উল্যাহ চেয়ারম্যানের ছেলে আজাদ বলেন, তাদের সঙ্গে আমাদের
জায়গা-জমি নিয়ে বিরোধ থাকার কারণে আমাদের ফাঁসাতে নিজেদের দোকানে নিজেরা
হামলা ও ভাঙচুরের নাটক সাজিয়েছে। এই ঘটনায় আমাদের কোন সংশ্লিষ্টতা নেই।
সুধারাম
থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিত্র অভিযোগ নাকচ করে বলেন, প্রতিপক্ষকে
মামলায় ফাঁসাতে তারা নিজেরা নিজেদের দোকানে হামলার নাটক সাজায়। এর ভিডিও
রয়েছে আমাদের কাছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, পুলিশের থেকে সুবিধা নিতে
এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ ধরনের অভিযোগ ডাহা মিথ্যা।

