নোয়াখালীতে নৈশ প্রহরীকে বেঁধে ১১ দোকানে ডাকাতি

শনিবার (১৩ জুলাই) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেন এওজবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বেলাল হোসেন। এরআগে, শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের খাসেরহাট বাজারে এই ঘটনা ঘটে।
ডাকাতি হওয়া দোকানের মধ্যে রয়েছে, কাপড় দোকান, ওষুধ দোকান, মেশিনারী দোকানসহ ১১টি দোকান।
ভুক্তভোগী ব্যবসায়ীদের বরাত দিয়ে স্থানীয় চেয়ারম্যান আরও বলেন, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে দুটি মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা যোগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৮-১০জন ডাকাত খাসেরহাট বাজারে আসে। ওই সময় প্রথমে তারা বাজারে থাকা নৈশ প্রহরী চৌধুরী মিয়ার কাছে একটি জায়গার ঠিকানা জানতে চায়। পরবর্তীতে ডাকাতদলের সদস্যরা নৈশ প্রহরীকে উলঙ্গ করে সড়কের পাশে থাকা পিলারের সাথে বেঁধে রাখে। এরপর তারা ১১টি দোকান থেকে নগদ ২লক্ষ টাকা, একটি মোটরসাইকেলসহ ১৫লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজে নৈশ প্রহরীকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। ডাকাত দলের সদস্যরা সবাই কম বয়সী ছিল।
শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মোর্তাহিন বিল্লাহ ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি। তাঁরা জানান, ঘটনার তদন্ত চলছে, অপরাধীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

