বন্যায় বেড়েছে পানিবাহিত রোগ, চিকিৎসাসেবা দিচ্ছে ব্র্যাক

বন্যার শুরু থেকে জেলার ৮টি উপজেলার বন্যাকবলিত এলাকায় পানিবাহিত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান এবং ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মান্নান নগর দারুল উলুম দাখিল মাদ্রাসায় ভোরের কাগজ পত্রিকার নোয়াখালী প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ সোহেল এর সমন্বয়ে ব্র্যাক আয়োজিত মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে ব্র্যাক বিএইচপি-টিবি প্রোগ্রাম নোয়াখালী সদর উপজেলার প্রোগ্রাম অফিসার ফারজানা ইসলাম, ব্র্যাক ইমারজেন্সি রেসপন্স মেডিকেল টিমের মেডিকেল অফিসার ফাহিমুল ইসলাম’সহ ব্র্যাক ইমারজেন্সি রেসপন্স মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্র্যাক নোয়াখালীর জেলা সমন্বয়ক মো: নুরুজ্জামান বলেন, নোয়াখালী জেলায়ভয়াবহ বন্যায় মানুষের খাাদ্য সংকট এবং ডায়রিয়া’সহ পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে গেছে। বন্যার শুরু থেকেই এসব বানভাসি মানুষের মাঝে ব্র্যাকের পক্ষ থেকে ১৬ হাজার ৮৩৩ প্যাকেট শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। পশুখাদ্য বিতরণ করা হয়েছে ৩০০ প্যাকেট। এছাড়া পানিবাহিত রোগে আক্রান্ত প্রায় ১৭ হাজার ৭৯২জন রোগীকে ১৩৩টি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে নগদ সাপোর্ট, জীবিকায়ন, ঘর মেরামত, কৃষি ও গবাদিপশুর খাদ্য বিতরণের পরিকল্পনাও করছে ব্র্যাক।

