শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে গণপিটুনিতে যুবলীগ নেতার মৃত্যু

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৪:৩৫ পূর্বাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ন
নোয়াখালীতে গণপিটুনিতে যুবলীগ নেতার মৃত্যু

নিহত ব্যক্তির নাম মো. আবদুস শহিদ (৪৩)। এরআগে শনিবার বিকেলে উপজেলার ১৯ নম্বর পূর্ব চর মটুয়া ইউনিয়নের পূর্ব চর মটুয়া গ্রাম থেকে শহিদসহ চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে যৌথ বাহিনী। পরে তাদের জেলা সদরের হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত মো. আবদুস শহিদ উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের চরমটুয়া গ্রামের মমিন উল্যাহ মুন্সির ছেলে এবং একই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বলে জানা গেছে।  

পুলিশ ও স্থানীয় স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইসমাইল মুহুরী বাড়িতে স্থানীয় ছাত্র-জনতা ঘেরাও করে ১টি পাইপগানসহ আবদুস শহিদ, মো.জামাল হোসেন, মো.জাবেদ ও মো.রিয়াদ হোসেন নামে ৪ যুবককে আটক করে বেধড়ক মারধর করে। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ১টি পাইপগানসহ ৪ যুবককে আটক করে সুধারাম মডেল থানায় হস্তান্তর করে। পরে আহত ৪জনকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আবদুস শহিদের মৃত্যু হয়।  

রোববার বিকালে নিহত আবদুস শহিদের ভাই নুরুল আমিনের মুঠোফোনে কল করলে তিনি বলেন, আমার ভাই রাজনীতি করতো, তাকে রাজনীতির কারণে পিটিয়ে হত্যা করা হয়েছে। একটু পরেই শহিদের জানাজার নামাজ, পরে বিস্তারিত কথা বলবো বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে, নিহত যুবক মো. আবদুস শহিদকে পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি দাবি করেছে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে জানানো হয়েছে, আবদুস শহিদকে পিটিয়ে মেরেছে বিএনপির সন্ত্রাসীরা। শহিদের মৃত্যুর আগে তাকে হাসপাতালে না নিয়ে অস্ত্রসহ গ্রেফতার দেখানো হয়। ততক্ষণে তার জীবন প্রায় নাই বললেই চলে। যৌথ বাহিনীর সদস্যরা কিভাবে আহত একজনকে নিয়ে অস্ত্র উদ্ধারের গল্পে অংশ নিলেন এমন প্রশ্নও তোলে আওয়ামী লীগ।

অপরদিকে, নিহত আবদুস শহিদকে রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় বেধড়ক পেটানোর ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও চিত্রে দেখা যায়, পাকা মেঝেতে হাত ও হাতের বাহু বাঁধা অবস্থায় পেলে রেখে শহিদকে ভারী লাঠি দিয়ে পুরো পায়ের মাংসপেশিতে নির্মমভাবে পিটাচ্ছে এক যুবক। আরেক ব্যক্তির এক হাতে মুঠোফোন অন্য হাত দিয়ে শহিদের হাতে বাঁধা রশি খুলছে। এরপর লাঠি হাতে থাকা যুবক তাকে মাথায়, মুখে লাথি মারছে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপির লোকজন এ ঘটনায় জড়িত কথাটা ঠিক নয়। সে অস্ত্রধারী সন্ত্রাসী ছিল। স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ছাত্র-জনতা ঘেরাও করে ৪জন সন্ত্রাসীকে আটক করে। শহিদ গণপিটুনিতে আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। আটককৃতরা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল বলে মন্তব্য করেন তিনি।  

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহিম বলেন, জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ঘটানাস্থল পরিদর্শন করেছেন। আবদুস শহিদের মৃত্যুর ঘটনায় স্থানীয় দফাদার মোমিন উল্লাহ বাদী হয়ে সুধারাম থানায় এজাহার দায়ের করলে তা মামলা হিসেবে রুজু করা হয় এবং উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে স্থানীয় জাবেদুল ইসলাম বাদী হয়ে সুধারাম থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করেন।