মসজিদের সামনে যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সুজায়েতপুর গ্রামের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন (৩৫) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে এবং স্থানীয় ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কবির হোসেন স্থানীয় আলাইয়াপুর ইউনিয়ন যুবদলের সক্রিয় সক্রিয় কর্মী ছিলেন। গত ৫ আগস্টের পর কবির এলাকায় আসেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। শুক্রবার দুপুরে তিনি বাড়ির পাশের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান। ইমামের পেছনে জুমার ফরজ নামাজ আদায় করেই তিনি মসজিদ থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যান। ওই সময় মুখোশপরা ৫-৬জন দুর্বৃত্ত সিএনজি চালিত অটোরিকশা যোগে সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের সামনে আসেন। একপর্যায়ে কবির হোসেন মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন দুর্বৃত্তরা। এতে কবির মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার বাম পায়ের রগ কেটে, গলা কেটে জবাই করে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আব্দুল্লাহ্-আল-ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যে হত্যার কারণ জানাতে পারব।

