নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান বাবলু গ্রেফতার

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহর মাইজদীর লইয়ার্স কলোনির বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার অভিযোগ রয়েছে ইউপি চেয়ারম্যান বাবলুর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে হাজির করা হয়।
চেয়ারম্যান বাবলুর স্ত্রী শাহনাজ আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামী দুই বারের নির্বাচিত চেয়ারম্যান এবং আওয়ামী রাজনীতির সাথে জড়িত। এলাকায় সে একজন জনপ্রিয় ব্যক্তি। আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নোয়াখালীতে কোন ধরনের সংঘর্ষ বা হামলার ঘটনা ঘটেনি। শুধু আওয়ামী রাজনীতি সমর্থন করার কারণে তাকে বিনা অপরাধে আটক করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার অভিযোগ রয়েছে। ওই হামলার ঘটনায় একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়।

