ফেনীতে বাস উল্টে পড়লো দোকানে, নিহত ৩

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেনীর দাগনভূঞা উপজেলার খুশিপুর এলাকার শহিদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০) ও একই উপজেলার দক্ষিণ জয়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)। নিহত অন্য নারীর পরিচয় এখনো মেলেনি।
জানা যায়, ফেনীর মহিপাল থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের বাসটি সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে একটি দোকানের ওপর পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে আহতদের ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছেন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ডা. শাহরিয়ার মাহমুদ বলেন, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। মরদেহ তিনটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মূলত বেপরোয়া গতি ও বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

