বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত

অনলাইন ডেস্ক — ঢাকা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি। এর আগে, ঢাকা-দাম্মাম রুটে ২৬ অক্টোবর এবং ঢাকা-রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত ছিল।

বিমান বাংলাদেশের বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। এসব বিমানবন্দর দিয়ে সৌদি আরবে যাওয়া এবং বাংলাদেশে ফিরে আসা যাবে।

যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান। এ কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এদিকে ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, স্থগিত থাকা ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে, ১০ অক্টোবর রাতে হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে ১১ অক্টোবর থেকে ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট বাতিল বা স্থগিত হতে শুরু করে। এ নিয়ে এখন পর্যন্ত তিন দফায় ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।