বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে বিটিভি ভবনের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

