রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোশাক কারখানা বন্ধ করা কিংবা উৎপাদন ব্যাহত করার উদ্দেশ্যে কেউ কোনো কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে যেসব কারখানা ইতোমধ্যে বন্ধ হয়েছে, সেগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, কিছু কিছু এলাকায় যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তা অনেক ক্ষেত্রেই পোশাকশ্রমিকদের দাবি-দাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে কোনো কোনো মহল উৎপাদন বন্ধ রাখার জন্য উসকানি দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কিছু দুষ্কৃতিকারী হামলার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ ধরনের অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। যারা গার্মেন্টস কারখানা বন্ধের চেষ্টা করছে কিংবা উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিকদের দাবি-দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের যেসব দাবি ছিল, সেগুলো বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রায় সবার সঙ্গে কথা হয়েছে। আলোচনায় উভয় পক্ষই সন্তুষ্ট বলে জানান তিনি।
মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সেখানে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর-কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণের বিষয়টি সামনে আসবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা মজুরি বোর্ডেই হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে। এ অবস্থায় নতুন করে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।
স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

