শার্শায় জমি নিয়ে বিরোধ, মিথ্যা অপবাদের অভিযোগ

শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ঘোষপাড়ায় নানাবাড়ির সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে খালা ও খালাতো বোনের বিরুদ্ধে। আজমল হোসেন ইমন (২৩) এ ঘটনায় শার্শা থানায় লিখিত অভিযোগ করেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নানাবাড়ির সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে ইমনের পরিবারের সঙ্গে তার খালা মাজেদা খাতুন (৫০) ও খালাতো বোন কাজল রেখার (২১) বিরোধ চলছে। ইমনের অভিযোগ, সম্পত্তি ভাগ-বণ্টন নিয়ে বিরোধের জেরে তাকে ও তার পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে। গত ১ নভেম্বর যশোর প্রেসক্লাবে কাজল রেখা তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। পরদিন ২ নভেম্বর তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ইমন।
এদিকে স্থানীয় বাসিন্দা রাজিব হোসেন ও গোলাম আজিজের দাবি, জমি নিয়ে বিরোধের জেরেই ইমনের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে। তারা আরো জানান, জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। রাজিব হোসেনের দাবি, জমি নিয়ে বিরোধে নিজেদের স্বার্থ হাসিল না হওয়ায় ইমনকে জড়িয়ে অভিযোগ তোলা হয়েছে।
স্থানীয় বাসিন্দা গোলাম আজিজ বলেন, জমি নিয়ে বিরোধের কারণে এলাকায় ভুল বোঝাবুঝি ও উত্তেজনা ছড়ানো হচ্ছে বলে তার ধারণা। ইমনকে ভালো ছেলে হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাকে কখনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকতে দেখেননি। তার দাবি, মাজেদা খাতুনের পাকা ঘর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এ ঘটনায় ইমনের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে বলে তিনি মনে করেন।
অন্যদিকে,ইমনের অভিযোগ,নানাবাড়ির সম্পত্তি ভাগ-বণ্টনের আগে জমিতে ঘর নির্মাণের উদ্যোগে বাধা দেওয়ায় তাকে হুমকি দেওয়া হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মো. শামিনুল হক বলেন,বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

