রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

কুমিল্লায় বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক — কুমিল্লা
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৬:৩১ অপরাহ্ন আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
কুমিল্লায় বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দি থাকা তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে সিপাহি-জনতা ও সর্বস্তরের মানুষ এক ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত করে এনেছিলেন। দেশের মানুষের আস্থা, ভালোবাসা ও আবেগ ধারণ করে জিয়াউর রহমান হয়ে উঠেছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি দেশে ঐক্য, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

রোববার (৮ নভেম্বর) কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু এসব কথা বলেন। জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম, কুমিল্লার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি নাইমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুমিল্লার ৩ জন বর্ষীয়ান আলেমকে সংবর্ধনা দেওয়া হয়।

এতে মরহুম আল্লামা নুরুল হকের পক্ষে মরণোত্তর সংবর্ধনা গ্রহণ করেন তার ছেলে মাওলানা হামিদ উল্লাহ। এ ছাড়া সরাসরি সংবর্ধনা গ্রহণ করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী ও যশপুর মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা আলী আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টাউনহলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর সাজ্জাদ। পবিত্র কোরআন তিলওয়াত, হামদ-নাত পরিবেশন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।