ব্রাজিল-উরুগুয়ের কাছে ২৪ কোটি রুপি দেনা, বিপাকে ভারতীয় ফুটবল ফেডারেশন

বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দল ব্রাজিল ও উরুগুয়েকে আমন্ত্রণ জানিয়ে বড় আয়োজন করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। কিন্তু জমকালো সেই আয়োজনের আর্থিক দায় মেটাতে এখন চাপে পড়েছে ফেডারেশন। দুই দলের ম্যাচ আয়োজনের পারিশ্রমিকের পুরো অর্থ এখনো পরিশোধ করতে পারেনি তারা। বকেয়া পাওনার পরিমাণ প্রায় ২৩ কোটি রুপি।
গত ৩ নভেম্বর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ৬ নভেম্বর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে ভারত। কলকাতায় অনুষ্ঠিত হয় ম্যাচ দুটি। এর আগে ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার বিপক্ষেও একটি প্রীতি ম্যাচ খেলেছিল ভারত। পানামাকে পুরো পারিশ্রমিক পরিশোধ করা হলেও ব্রাজিল ও উরুগুয়ে এখন পর্যন্ত তাদের পাওনার অর্ধেক অর্থ পেয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের কাছে এআইএফএফের বকেয়া প্রায় ১৯ কোটি রুপি। আর উরুগুয়ের পাওনা প্রায় ৪ কোটি ৭০ লাখ রুপি। ম্যাচগুলো থেকে ৩০ থেকে ৪০ কোটি রুপি আয় করার প্রত্যাশা ছিল ফেডারেশনের। কিন্তু টিকিট বিক্রি থেকে প্রত্যাশিত অর্থ না আসায় আর্থিক সংকটে পড়েছে তারা।
টিকিটের দাম বেশি হওয়ায় দর্শকদের আগ্রহ প্রত্যাশা অনুযায়ী ছিল না। পরে কলকাতার তিন ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানের সমর্থকদের জন্য ছাড়ে টিকিট বিক্রি করা হয়। এমনকি ব্রাজিলের ম্যাচে একটি টিকিট কিনলে আরেকটি বিনা মূল্যে দেওয়ার অফারও চালু করা হয়েছিল।
এই পরিস্থিতিতে বকেয়া পরিশোধের জন্য মেয়াদ শেষ হওয়ার আগেই ২০ কোটি রুপির একটি স্থায়ী আমানত ভাঙার প্রস্তাব দেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। তবে ফেডারেশনের সভায় সদস্যরা এ প্রস্তাবের বিরোধিতা করেন। তাদের যুক্তি, জরুরি প্রয়োজন ছাড়া স্থায়ী আমানতের অর্থ ব্যবহার করা উচিত নয়।
ফেডারেশনের সহসভাপতি এনএ হারিসও স্মরণ করিয়ে দেন, স্থায়ী আমানত থেকে অর্থ না তোলার বিষয়ে নির্বাহী কমিটি আগেই সিদ্ধান্ত নিয়েছিল। সাবেক সভাপতি প্রফুল প্যাটেলের সভাপতিত্বের সময় ওই আমানত করা হয়েছিল। ভার্চুয়াল সভায় উপস্থিত প্যাটেলও আমানত ভাঙার প্রস্তাবের বিরোধিতা করেন। পরে বকেয়া পরিশোধের বিষয়টি পর্যালোচনার জন্য হারিসের নেতৃত্বে একটি বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে টিকিট বিক্রির অংশীদারের কাছ থেকে পাওয়া ২৫ কোটি রুপির অগ্রিম অর্থের একটি অংশ ফেরত দিতে হতে পারে ফেডারেশনকে। কারণ, ওই অর্থ শর্তসাপেক্ষে ফেরতযোগ্য অগ্রিম হিসেবে দেওয়া হয়েছিল।
ভারতে প্রথমবার খেলতে এসে তারকাখচিত দল নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। সেই দলে ছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাইস, প্যারিস সেন্ট জার্মেইয়ের অধিনায়ক মারকিনিয়োস এবং চেলসির এস্তেভাও।
বড় তারকাদের উপস্থিতি এবং দর্শকদের আগ্রহ তৈরির নানা উদ্যোগের পরও ম্যাচ আয়োজন থেকে প্রত্যাশিত আয় করতে পারেনি এআইএফএফ। ফলে ব্রাজিল ও উরুগুয়ের বকেয়া পরিশোধের পাশাপাশি অগ্রিম অর্থ ফেরতের সম্ভাবনাও ফেডারেশনের আর্থিক চাপ বাড়িয়েছে। পাওনা পরিশোধে সময় বাড়ানোর আবেদনও করেছে তারা।

