‘সাফ চায় বাংলাদেশ-ভারত ফাইনাল খেলুক’, অভিযোগ শ্রীলঙ্কান কোচের

বিনোদন নয়, মাঠের ফুটবল নিয়ে সংবাদ সম্মেলনেও বেশ সরব শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। আজ রাতে জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ ড্র হওয়ার পর রেফারিং ও সাফের আয়োজন নিয়ে কড়া সমালোচনা করেছেন তিনি। এমনকি বাংলাদেশ ও ভারতকে ঘিরে সাফের পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন এই কোচ।
ম্যাচে শ্রীলঙ্কা ভালো ফুটবল খেললেও জয় না পাওয়ার জন্য রেফারির সিদ্ধান্তকে দায়ী করেছেন মুতাইরি। তাঁর অভিযোগ, শ্রীলঙ্কাকে অন্তত একটি ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি। দলের ফরোয়ার্ডকে ছয়বার ফাউল করা হলেও রেফারি কোনো ব্যবস্থা নেননি। বরং ভুটানের পক্ষে বারবার বাঁশি বাজানো হয়েছে।
সংবাদ সম্মেলনে মুতাইরি বলেন, ‘আমাদের ন্যায্য অন্তত একটা পেনাল্টি দেয়নি। আমাদের ফরোয়ার্ডকে ছয়বার ফাউল করলেও রেফারি কিছুই দেখাননি। উল্টো ভুটানের পক্ষে বরাবরই বাঁশি বেজেছে। যা বাংলাদেশের পক্ষেই গেছে। সাফ চায় বাংলাদেশ ও ভারত ফাইনাল খেলুক। আমরা তাহলে অন্য দেশগুলো প্রীতি ম্যাচ খেলি।’
বাংলাদেশ এদিন মাঠে না নামলেও সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রসঙ্গ টানেন মুতাইরি। কেন বাংলাদেশকে নিয়ে এমন মন্তব্য করছেন—এমন প্রশ্নের জবাবে কুয়েতি এই কোচ বলেন, ‘সাফে স্বাগতিক দল বরাবরই সুবিধা পায়। ২০২৩, ২০২১ কিংবা আগের আসরগুলো চেক করেন। এমনকি এই টুর্নামেন্ট শ্রীলঙ্কায় হলে অন্য দলের কোচ শ্রীলঙ্কার কথাও বলত।’
এবার সাফে রেফারিংয়ের মান উন্নত করতে দক্ষিণ এশিয়ার বাইরের রেফারি আনা হয়েছে। সেমিফাইনাল ও ফাইনালে থাকছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। তবে শুধু নকআউট পর্বে ভিএআর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন মুতাইরি।
তাঁর ভাষ্য, ‘টুর্নামেন্টের সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সব ম্যাচেই ভিএআর থাকা দরকার। আর্থিক কারণে সব ম্যাচে ভিএআর না রাখতে পারলে টুর্নামেন্ট আয়োজন করা দরকার নাই।’
ভিএআর নিয়ে প্রশ্ন তুলেছেন মালদ্বীপের কোচ স্টিভেনও। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেছিলেন, ‘কিছু গোল ও আক্রমণ নিয়ে সংশয় রয়েছে। ভিএআর থাকলে হয়তো চিত্র অন্য রকম হতে পারত।’
এদিকে শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ ড্র হওয়ায় বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির গুরুত্ব কমছে না। বাংলাদেশ যদি দুই গোলের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায়, তাহলে গোল ব্যবধানে ভুটান সেমিফাইনালে উঠবে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচকে সাফের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হিসেবে দেখছেন মুতাইরি। তিনি বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই জয়ের জন্য খেলবে। ম্যাচটি সাফের ইতিহাসের সেরা ম্যাচের একটি হবে।’
বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরও ম্যাচটির গুরুত্ব কেন থাকবে—এমন প্রশ্নের জবাবে মুতাইরি র্যাঙ্কিং ও বিশ্বকাপ বাছাইয়ের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর মতে, বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট পেলে শ্রীলঙ্কার র্যাঙ্কিংয়ে প্রভাব পড়বে। সামনে বিশ্বকাপ বাছাইয়ের ড্রয়ে বাংলাদেশের অবস্থানও এই ম্যাচের ফলের ওপর প্রভাবিত হতে পারে।
মুতাইরি বলেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট পেলে র্যাঙ্কিংয়ে প্রভাব পড়বে। সামনে বিশ্বকাপ বাছাইয়ের ড্র, সেখানে বাংলাদেশ আমাদের সঙ্গে হারলে দুই নম্বর পটে পড়তে পারে, সে ক্ষেত্রে তাদের হংকং-ইয়েমেনের সঙ্গে খেলতে হতে পারে। ফলে বাংলাদেশ এই ম্যাচ জয়ের জন্যই খেলবে।’

