ফরিদপুর ও গাজীপুরে বাসে আগুন, চালকের মৃত্যু

ফরিদপুর ও গাজীপুরে পৃথক ঘটনায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) এসব ঘটনা ঘটে। এর মধ্যে ফরিদপুরে বাসে দেওয়া আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
ফরিদপুরে গভীর রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আগুনে বাসটিও পুড়ে যায়।
সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামোট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁন শেখ জেলার মকসুদপুর উপজেলার দিকনগর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের বাসস্ট্যান্ডে রাস্তার পাশে পার্কিং করা ‘কিশোর তন্ময়’ নামের একটি লোকাল বাসে হঠাৎ আগুন লাগে। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, রাত আনুমানিক ৩টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা।
এ সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সোমবার রাতে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ের কাজলী ফার্ম এলাকায় ‘আজমেরি গ্লোরী’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর কয়েক ঘণ্টা পর একই এলাকায় আরও একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

