নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার

দেশের গণতান্ত্রিক চর্চা ও সুশাসন জোরদারে তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেছেন, কমিশন সরকার কিংবা কোনো বিশেষ পক্ষের হয়ে কাজ করবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলনকক্ষে নবগঠিত কমিশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, ‘তথ্য কমিশন সরকার বা কোনো পক্ষের পক্ষে থাকবে না, তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে।’
তিনি আরও বলেন, সংবাদকর্মীদের উপস্থিতি ও সংবাদ সংগ্রহের মধ্য দিয়ে তথ্য কমিশনের স্বাধীন ও নিরপেক্ষভাবে পথচলার আনুষ্ঠানিক সূচনা হলো। সাংবাদিকদের জন্য কমিশনের দরজা সব সময় খোলা থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় কমিশনকে কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।
সংবাদ সম্মেলনে কমিশনের জনবলসংকটের বিষয়টিও তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার। তিনি জানান, ১৫ তলাবিশিষ্ট কমিশন ভবনে অনুমোদিত ৭৬টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ২২ জন কর্মকর্তা-কর্মচারী। এত সীমিত জনবল নিয়েই কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তথ্য কমিশনকে আরও জনমুখী ও কার্যকর করতে ১০০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধান তথ্য কমিশনার।
তিনি বলেন, তথ্য অধিকার আইন (আরটিআই) সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নভেম্বরের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী ‘তথ্যমেলা সপ্তাহ’ আয়োজন করা হবে। একই উদ্যোগ দেশের স্কুল-কলেজেও চালু করা হবে।
এ ছাড়া গত দুই বছরে জমে থাকা ৯১৭টি অভিযোগের মধ্যে ৯৫টির শুনানি আগামী ১৬ নভেম্বর থেকে কমিশনের নিজস্ব কার্যালয়ে শুরু হবে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে আরও ২০০টির বেশি অভিযোগ জমা পড়েছে।
কর্মপরিকল্পনার আওতায় সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সরকারি অর্থায়ন ও বিদেশি অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে।
গত ১৭ বছরে তথ্য কমিশন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি বলেও মন্তব্য করেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেন, এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান বলেন, মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির বিস্তারের সঙ্গে ভুয়া তথ্য ও অপতথ্যের ঝুঁকিও বাড়ছে। এসব মোকাবিলায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অন্য তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, প্রায় দুই বছর কমিশনের কার্যক্রম বন্ধ থাকায় বিপুলসংখ্যক কাজ জমে গেছে। এ পরিস্থিতি মোকাবিলায় ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা দূর করতে তিনি গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তথ্য কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

