পে-স্কেলে সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত

নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর পে-ফিক্সেশনের কারণে সরকারি কর্মচারীরা শ্রান্তি ও বিনোদন ভাতার কোনো অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না। একবার এ ভাতা উত্তোলনের পর পরবর্তী সময়ে বেতন পুনর্নির্ধারণের কারণে মূল বেতন বাড়লেও আগের ভাতার বিপরীতে নতুন করে বকেয়া দাবি করার সুযোগ থাকবে না।
এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।
বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ আদেশ জারি করে। পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) তা প্রকাশিত হয়। অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম গেজেটে স্বাক্ষর করেছেন।
প্রকাশিত গেজেটে বলা হয়েছে, ‘সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ধাপভিত্তিক বেতনস্কেল চালুর সময়সীমা, অর্থাৎ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত শ্রান্তি ও বিনোদন ভাতা পাওয়ার ক্ষেত্রে এ নিয়ম কার্যকর থাকবে।
অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা বিধি অনুযায়ী, একজন সরকারি চাকরিজীবী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে প্রাপ্ত মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও একই নীতিমালা বহাল রাখা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, নতুন পে স্কেলের অধীনে ধাপভিত্তিক বেতন বাস্তবায়ন ও পে-ফিক্সেশনের মাধ্যমে নির্ধারিত বেতনের ভিত্তিতে এ ভাতা হিসাব করা হবে না। বরং চাকরিজীবী ছুটিতে যাওয়ার সময় বাস্তবে যে পরিমাণ মূল বেতন পাবেন, সেই পরিমাণ অর্থই ভাতা হিসেবে প্রাপ্য হবেন।
এর ফলে কোনো সরকারি কর্মচারী শ্রান্তি ও বিনোদন ভাতা একবার উত্তোলন করার পর পে-ফিক্সেশনের কারণে তার মূল বেতন বাড়লেও আগের ভাতার বিপরীতে অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না।
গেজেটে উল্লেখ করা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

