মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুল ছিটিয়ে দেশে ফেরানোর চেষ্টা চলছে: আইনমন্ত্রী

ভয়ের পরিবেশ তৈরি করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুল ছিটিয়ে দেশে আনার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাংলার মানুষ কোনো পলাতক ফ্যাসিস্টকে রাজনীতি করার সুযোগ দেবে না।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাধারণ সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, গত নয় মাসে দেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি। বন্ধ হয়েছে গুম। এমনকি পুলিশ বাহিনীও মিথ্যা মামলার সংস্কৃতি দূর করতে ব্যাপকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, যারা বোমা হামলা চালাচ্ছেন, তাদের অনেকেই ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এই সিন্ডিকেটে কারা কীভাবে জড়িত, সে বিষয়ে সাংবাদিকরাও তথ্য পেয়েছেন।
সাংবাদিকদের উদ্দেশে মো. আসাদুজ্জামান বলেন, পরবর্তী প্রজন্মের কাছে সাংবাদিকতার মর্যাদা রক্ষায় অপসাংবাদিকতার বিরুদ্ধে কথা বলতে হবে। দুর্নীতি, মাদক ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরার পাশাপাশি সরকারের ভালো কাজগুলোও তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেন, বিএনপি সহনশীলতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করছে। মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াতের আমির সংসদে কারও সম্পর্কে বাজে কথা বলতে পারতেন না।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিচ্ছে, আর এনসিপি তাতে ঘি ঢালছে।
রাশেদ খাঁন আরও বলেন, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন, এর প্রমাণ রয়েছে। সংসদে জামায়াত মিথ্যাচার করেছে বলেও অভিযোগ করেন তিনি।

