শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পরিবার নিয়ে পর্তুগালে স্থায়ী হচ্ছেন রোনালদো

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
পরিবার নিয়ে পর্তুগালে স্থায়ী হচ্ছেন রোনালদো

ফুটবল ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার মাঠের বাইরের জীবনে বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন পর্তুগিজ এই মহাতারকা। সৌদি আরব ছেড়ে স্ত্রী জর্জিনা রদ্রিগেজ ও পাঁচ সন্তানকে নিয়ে নিজ দেশ পর্তুগালে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জুলাইয়ে পরিবারের এই স্থানান্তর হতে পারে।

পর্তুগিজ সাময়িকী টিভি সেভেন দিয়াসের বরাতে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, কাসকাইসে নিজেদের বিলাসবহুল বাড়িতে স্থায়ীভাবে বসবাসের প্রস্তুতি নিচ্ছেন রোনালদো ও তাঁর পরিবার। সন্তানদের পড়াশোনা এবং অন্যান্য কার্যক্রমের বিষয়েও আগাম পরিকল্পনা করা হচ্ছে।

পর্তুগালের কাসকাইসের উপকূলীয় এলাকায় অবস্থিত রোনালদোর এই বিলাসবহুল বাড়ি নির্মাণে সময় লেগেছে প্রায় তিন বছর। বাড়িটির আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮৩ কোটি টাকা। আট শয়নকক্ষের এই প্রাসাদের প্রতিটি কক্ষের সঙ্গে রয়েছে আলাদা গোসলখানা।

বিলাসবহুল বাড়িটিতে রয়েছে দুটি সুইমিংপুল, আধুনিক ব্যায়ামাগার, ব্যক্তিগত সিনেমা হল এবং সমুদ্রসৈকতে যাওয়ার নিজস্ব পথ। পুরো বাড়িতে ব্যবহার করা হয়েছে ইতালীয় মার্বেল পাথর। এ ছাড়া রয়েছে মাটির নিচে তৈরি গোপন সুড়ঙ্গ এবং লুই ভিতোঁর নকশায় অনুপ্রাণিত বিশেষ দেয়ালচিত্র।

পর্তুগালের সংবাদমাধ্যম নোভা জেন্তে জানিয়েছে, সন্তানদের বর্তমান শিক্ষাবর্ষ শেষ হওয়ার পর পরিবারটি পর্তুগালে ফিরে যেতে পারে। সে হিসাবে ২০২৭ সালের জুলাইকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে রোনালদো বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী রোনালদো। গত ৫ নভেম্বর পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন এই তারকা। তবে আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও ক্লাব ফুটবল থেকে এখনই অবসর নিচ্ছেন না তিনি। সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলা চালিয়ে যাওয়ার কথা রয়েছে তাঁর।

সব মিলিয়ে পর্তুগালে স্থায়ী হওয়ার সম্ভাব্য পরিকল্পনা এবং জাতীয় দল থেকে বিদায়ের সিদ্ধান্ত রোনালদোর জীবনে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। তবে ক্লাব ফুটবল থেকে কবে অবসর নেবেন, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: রয়র্টাস