শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সংগীতশিল্পী শেখ সাহেদ আলী আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
সংগীতশিল্পী শেখ সাহেদ আলী আর নেই

সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মারা গেছেন ব্যান্ড ‘গাছ’-এর প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল, তা জানা যায়নি।

সাহেদ আলীর ভাতিজা সাকির হাসান জামী গণমাধ্যমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ অক্টোবর থেকে শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এই শিল্পী। স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সংগীতজগতে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন শেখ সাহেদ আলী। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা শুরু করেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত ব্যান্ড ‘গাছ’ শ্রোতাদের কাছে পরিচিতি পায় নিজস্ব সংগীতধারার কারণে।

‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’ তাঁর উল্লেখযোগ্য গান। ১৯৯১ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।

দীর্ঘ ১১ বছরের সাধনায় তৈরি করেছিলেন ২৪টি নতুন গান। তবে অসুস্থতার কারণে গানগুলো প্রকাশের পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। গত ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ডে এসব গান প্রকাশের আয়োজন করার কথা ছিল তাঁর। কিন্তু সেই আয়োজনের আগেই না ফেরার দেশে চলে গেলেন এই সংগীতশিল্পী।

তাঁর মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।