শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অতিথি এলেই মা-বাবার আড়ালে লুকায় সন্তান? জোর না করেই আত্মবিশ্বাস বাড়ানোর ৫ কৌশল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অতিথি এলেই মা-বাবার আড়ালে লুকায় সন্তান? জোর না করেই আত্মবিশ্বাস বাড়ানোর ৫ কৌশল

বাড়িতে আত্মীয়স্বজন কিংবা অতিথি এলেই কি আপনার সন্তান মা-বাবার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে? কেউ কথা বলতে চাইলে চুপ করে থাকে, পরিচিত মানুষের সামনেও সহজে মুখ খোলে না? আবার সমবয়সি শিশুদের সঙ্গে মিশতেও দ্বিধা করে? এমন আচরণ দেখে অনেক অভিভাবকই চিন্তিত হয়ে পড়েন। কেউ কেউ সন্তানকে জোর করে কথা বলাতে বা সবার সঙ্গে মিশতে উৎসাহিত করেন। কিন্তু এতে শিশুর অস্বস্তি আরও বেড়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সব শিশু একইভাবে বেড়ে ওঠে না। কেউ স্বভাবগতভাবেই মিশুক, আবার কেউ একটু লাজুক বা অন্তর্মুখী। তাই শিশুর স্বভাব বদলে দেওয়ার চেষ্টা না করে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে অভিভাবকের কিছু ইতিবাচক অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শিশুর আত্মবিশ্বাস বাড়াতে যা করবেন

১. কথা বলতে বা সালাম দিতে জোর করবেন না

বাড়িতে অতিথি এলে সন্তানকে জোর করে সালাম দিতে, নমস্কার করতে কিংবা সবার সঙ্গে কথা বলতে বলবেন না। এতে সে আরও অস্বস্তি বোধ করতে পারে। বরং নিজের মতো করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিন। প্রথমে দূর থেকে অতিথিদের পর্যবেক্ষণ করলেও তাকে বাধা দেবেন না। ধীরে ধীরে সে নিজেই স্বাচ্ছন্দ্য বোধ করতে শিখবে।

২. অতিথি আসার আগে শিশুকে প্রস্তুত করুন

হঠাৎ নতুন মানুষের সঙ্গে পরিচিত হলে অনেক শিশুই অস্বস্তিতে পড়ে। তাই বাড়িতে অতিথি আসার আগে সন্তানকে জানিয়ে রাখুন কারা আসছেন। তাঁদের সঙ্গে কী নিয়ে কথা হতে পারে, তা গল্পের ছলে বুঝিয়ে দিন। এতে নতুন পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই ধারণা তৈরি হবে এবং ভয় বা সংকোচ অনেকটাই কমবে।

৩. ধীরে ধীরে মানুষের সঙ্গে মেশার সুযোগ দিন

একদিনেই সন্তানকে সবার সঙ্গে মিশতে হবে, এমন প্রত্যাশা করবেন না। প্রথমে পরিবারের পরিচিত একজনের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করুন। এরপর ধীরে ধীরে দু-তিনজনের সঙ্গে মেশার পরিবেশ তৈরি করুন। ছোট ছোট অভিজ্ঞতার মধ্য দিয়েই শিশুর সামাজিক দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়তে পারে।

৪. সমবয়সিদের সঙ্গে খেলাধুলার সুযোগ তৈরি করুন

শিশুর সামাজিক দক্ষতা বিকাশে সমবয়সি বন্ধুদের সঙ্গে সময় কাটানো গুরুত্বপূর্ণ। তাকে পার্কে খেলতে নিয়ে যান, বাড়িতে বন্ধুদের আমন্ত্রণ জানান কিংবা দলগত খেলায় অংশ নেওয়ার সুযোগ করে দিন। খেলাধুলার মধ্য দিয়ে শিশুরা সহজেই একে অপরের সঙ্গে পরিচিত হয়, সহযোগিতা করতে শেখে এবং বন্ধুত্ব গড়ে তোলে।

ছবি: প্রতিকী ছবি

৫. অন্যের সঙ্গে তুলনা নয়, ছোট প্রচেষ্টার প্রশংসা করুন

কেউ সহজে মানুষের সঙ্গে মিশতে পারে, আবার কারও একটু বেশি সময় লাগে। দুটিই স্বাভাবিক। তাই অন্যের সামনে সন্তানকে ‘লাজুক’, ‘কথা বলতে পারে না’ কিংবা ‘কারও সঙ্গে মেশে না’ বলে বিব্রত করবেন না। বরং সে যখন নিজে থেকে কারও সঙ্গে কথা বলে বা নতুন বন্ধুত্ব তৈরির চেষ্টা করে, তখন তার প্রশংসা করুন। এতে নিজের প্রতি তার বিশ্বাস বাড়বে।

প্রতিটি শিশুর বেড়ে ওঠার ধরন ও ব্যক্তিত্ব আলাদা। কেউ সহজেই মানুষের সঙ্গে মিশতে পারে, আবার কেউ নতুন পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করতে একটু বেশি সময় নেয়। তাই শিশুর লাজুক স্বভাবকে সমস্যা হিসেবে না দেখে তাকে বোঝার চেষ্টা করা উচিত।

তবে শিশুর সামাজিক অস্বস্তি দীর্ঘদিন স্থায়ী হলে এবং তা স্কুলে যাওয়া, বন্ধুত্ব তৈরি কিংবা দৈনন্দিন জীবনযাপনে নেতিবাচক প্রভাব ফেললে শিশু বিশেষজ্ঞ বা শিশু মনোবিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। সবচেয়ে জরুরি হলো, শিশুকে নিরাপদ ও সহযোগিতাপূর্ণ পরিবেশ দেওয়া, যাতে সে নিজের গতিতে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে।