শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পোশাক শ্রমিকদের জন্য সুখবর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৯:১৩ অপরাহ্ন আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
পোশাক শ্রমিকদের জন্য সুখবর

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন ৩০ টাকা কেজি দরে। প্রাথমিকভাবে তিন মাসের জন্য কর্মসূচিটি চালুর পরিকল্পনা করা হয়েছে।

এ কর্মসূচি বাস্তবায়নে অতিরিক্ত বাজেট বরাদ্দ চেয়ে অর্থ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। অর্থ বিভাগের অনুমোদন ও প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে পরবর্তী কার্যক্রম শুরু হবে।

যেভাবে চাল পাবেন শ্রমিকরা

খাদ্য মন্ত্রণালয়ের বুধবার পাঠানো চিঠিতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বরাবর পাঠানো চিঠিতে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আল মামুন।

চিঠিতে বলা হয়েছে, শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া এবং ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে ভর্তুকি মূল্যে চাল সরবরাহের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলে এ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

পোশাকশ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকে চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে এক দিনে মোট ৩৭৫ টন চাল বিক্রির পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে তিন মাস এ কার্যক্রম পরিচালনার প্রস্তাব করা হয়েছে।

প্রয়োজন হবে সাড়ে চার হাজার টন চাল

বিশেষ ওএমএস কার্যক্রম বাস্তবায়নে অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চালের সংস্থান রাখার প্রস্তাব দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতে, সরকারি খাদ্যশস্যের বিদ্যমান মজুত থেকেই এ কর্মসূচি বাস্তবায়ন সম্ভব। চাল সরবরাহ, ট্রাকে বিক্রি ও পরিবহণসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনার বিষয়ও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

তবে কর্মসূচি শুরুর বিষয়টি এখন অর্থ বিভাগের অনুমোদন ও বাজেট বরাদ্দের ওপর নির্ভর করছে।

তিন মাসের পরিবর্তে দীর্ঘমেয়াদি করার পরামর্শ

অর্থনীতিবিদ ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁর মতে, খাদ্যপণ্যের উচ্চমূল্যের সময়ে শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালু করা প্রয়োজন। তবে তিন মাসের পরিবর্তে এটি দীর্ঘমেয়াদি করা হলে শ্রমিকরা বেশি উপকৃত হবেন।

তিনি বলেন, তিন মাস পর ৩০ টাকা কেজি দরে চাল পাওয়ার সুবিধা বন্ধ হয়ে গেলে শ্রমিকদের মধ্যে আবারও সংকট তৈরি হতে পারে। এ পরিস্থিতি এড়াতে বেতনের সঙ্গে সমন্বয় করে খাদ্যসহায়তার সুবিধা স্থায়ীভাবে চালু রাখা গেলে ভালো ফল পাওয়া যাবে।

অধ্যাপক আবু আহমেদ আরও বলেন, শ্রমিকদের নতুন মজুরি দ্রুত নির্ধারণ করা জরুরি। নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান মজুরিতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। দ্রুত নতুন মজুরি কাঠামো কার্যকর করা গেলে শ্রমিক অসন্তোষ ও সামগ্রিক সংকট অনেকাংশে কমানো সম্ভব।

খাদ্য ভর্তুকি বাড়বে বাজেটে

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে ভর্তুকি মূল্যে চাল দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে খাদ্য খাতে সরকারের ভর্তুকি বাড়বে। এতে বাজেটের ওপর অতিরিক্ত চাপ তৈরি হলেও শ্রমিকদের কল্যাণে সরকার আন্তরিক।

ওই কর্মকর্তা আরও জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলগুলোতে একাধিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন। এর ধারাবাহিকতায় খাদ্যে ভর্তুকি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে সরকার ও মালিকপক্ষ—উভয়কেই আরও আন্তরিক হতে হবে।

নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়াও চলছে

শ্রমিক অসন্তোষের মধ্যে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়াও শুরু হয়েছে। গত ১ নভেম্বর সরকার অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো তুলে ধরে। এতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

নতুন মজুরি নির্ধারণের আলোচনা এবং খাদ্য ভর্তুকির এ উদ্যোগ—দুটিই পোশাকশ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে প্রস্তাবিত ওএমএস কর্মসূচি বাস্তবায়নে অর্থ বিভাগের অনুমোদনই এখন প্রধান বিষয়।