আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিএনজি চালকদের দিনভর অবরোধ ও বিক্ষোভ

জামালপুরের সরিষাবাড়ীতে জেলা সিএনজি, অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (৩৫১৭ আঞ্চলিক শাখা) দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিনভর অবরোধ ও বিক্ষোভ করেছে চালকরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত সরিষাবাড়ী পৌরসভার ডাকবাংলোর সামনে এ কর্মসূচি পালিত হয়।
অভ্যন্তরীন কোন্দলের জেরে শহরের প্রধান সড়ক প্রায় ৬ ঘণ্টা অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ কালে শ্রমিক নেতা জামাল, ইউসুফ আলী অভিযোগ করে বলেন, "আমরা দীর্ঘ ১৫ বছর ধরে আরামনগর বাজার থেকে জামালপুর পর্যন্ত গাড়ি চালিয়ে আসছি, এতে কোনো সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ দেড় মাস ধরে শিমলাবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা আমাদের বাসস্ট্যান্ড থেকে গাড়ি চালাতে বাধ্য করছে এবং বিভিন্ন ভাবে হয়রানি করছে। শুক্রবার সকালে আমাদের গাড়ি বাউসি পপুলার মোড়ে থামিয়ে যাত্রী নামিয়ে দেওয়ায় আমরা বাধ্য হয়ে প্রতিবাদ ও সড়ক অবরোধ করেছি।"
আরেক শ্রমিক নেতা আলমগীর হোসেন বলেন, "আমরা চাঁদামুক্ত সড়ক চাই। সরিষাবাড়ীতে দুই শতাধিক সিএনজি রয়েছে, যার সিংহভাগই আরামনগর বাজার থেকে চলাচল করে। আমরা যাত্রীদের সুবিধার্থে ডাকবাংলোর সামনে থেকে গাড়ি চালাই।"
অপরদিকে, শিমলাবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতা মিজানুর রহমান জানান, "সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনের জন্য আমরা সব সিএনজিকে একটি নির্দিষ্ট স্থান ( বাসস্ট্যান্ড) থেকে পরিচালনার দাবি জানিয়েছি। এতে সবার রুটি-রুজির বিষয়টিও ইতিবাচকভাবে প্রভাবিত হতো।"
শ্রমিক নেতা এরশাদ বলেন, "আমরা সার্বিক বিষয় বিবেচনা করেই সবাইকে এক স্থানে আসার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা শ্রমিক ইউনিয়ন ও স্থানীয় নেতৃত্বের কথা উপেক্ষা করায় অনাকাক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।"
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, "সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

