রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পাঁচ দিন শূন্যরেখায় অবস্থানের পর নেই সেই নারী, কোথায় গেলেন জানে না কেউ

অনলাইন ডেস্ক — দেওয়ানগঞ্জ, জামালপুর
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
পাঁচ দিন শূন্যরেখায় অবস্থানের পর নেই সেই নারী, কোথায় গেলেন জানে না কেউ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের শূন্যরেখায় টানা পাঁচ দিন অবস্থান করা সেই নারীর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে তাকে সীমান্তের শূন্যরেখায় দেখা যাচ্ছে না। হঠাৎ তার চলে যাওয়ার বিষয়টি জানার পরও তিনি কোথায় গেছেন, তা নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী।

স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন তাকে বাধা দেন। এরপর থেকে তিনি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন।

দিনের পর দিন খোলা আকাশের নিচে খড়কুটার ওপর একটি কম্বল বিছিয়ে কাটছিল তার সময়। স্থানীয় নারীরা তাকে বিস্কুট ও পানি দিয়ে সহায়তা করতেন। এভাবে টানা পাঁচ দিন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করার পর শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত তাকে সেখানে দেখা যায়। তবে রোববার সকালে গিয়ে আর তার দেখা মেলেনি।

ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী বলেন, ‘ইউএনও মহোদয়ের নির্দেশে আমরা সেখানে একজন গ্রাম পুলিশ মোতায়েন করেছিলাম। পরে আজ সকাল ৭টার দিকে গ্রাম পুলিশ আমাকে জানান, ওই মহিলাকে আর দেখা যাচ্ছে না। মহিলাটি কে বা তাকে কোথা থেকে নিয়ে গেছে, এসব কেউ বলতে পারে না। পরে ইউএনও মহোদয়কে বিষয়টি জানানো হয়েছে।’

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, ‘গতকাল ওই নারী যেখানে ছিলেন, আজ সেখানে তাকে পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যানও আমাদের জানিয়েছেন, আজ থেকে ওই নারীকে আর শূন্যরেখায় দেখা যাচ্ছে না। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে এতটুকুই বলার আছে।’

এদিকে ওই নারীর বিষয়ে জানতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের সঙ্গে গতকাল ও আজ একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।