রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রোনালদোর অভাবেই বড় হার, মানতে নারাজ পর্তুগাল কোচ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ৭:১৫ অপরাহ্ন আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
রোনালদোর অভাবেই বড় হার, মানতে নারাজ পর্তুগাল কোচ

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া নতুন অধ্যায় শুরু করল পর্তুগাল। তবে সেই শুরুটা মোটেও সুখকর হয়নি। আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর অবসরের পর নিজেদের প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে পর্তুগাল। সমর্থকদের কণ্ঠে শোনা গেছে সাবেক অধিনায়কের নাম। তবে দলের বড় হারের পেছনে রোনালদোর অনুপস্থিতিকে দায়ী করতে রাজি নন পর্তুগালের প্রধান কোচ হোর্হে জেসুস।

শনিবার (১৪ নভেম্বর) পর্তুগালের ব্রাগার মিউনিসিপ্যাল স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগের ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন পিয়েরে-এমিল হইবিয়ার্গ। বিরতির পর ৫০ ও ৫৭ মিনিটে জোড়া গোল করেন রাসমুস হইলুন্দ। ৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেনের গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০। যোগ করা সময়ে বার্নার্দো সিলভার গোলে একটি সান্ত্বনাসূচক গোল পায় পর্তুগাল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোনালদোর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে জেসুস বলেন, ‘কীসের অভাব? সে যদি আর জাতীয় দলে না খেলে, তাহলে ঠিক কীসের অভাব অনুভব করছি? শুধু আমার পাশে বসে সঙ্গ দেওয়ার জন্য তাকে মিস করতে পারি। সে আর খেলছে না, এখানে নেই। নিজের সিদ্ধান্ত সে নিজেই নিয়েছে।’

তবে রোনালদোর অবদান ভুলে যাননি পর্তুগিজ সমর্থকেরা—এ কথাও স্বীকার করেছেন কোচ। তাঁর ভাষায়, ‘মানুষ তাকে মিস করে। জাতীয় দলের হয়ে ২৩ বছরে ক্রিস দেশের জন্য যা দিয়েছে, তা তারা ভুলে যায়নি। কিন্তু এখন আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই।’

ম্যাচে রোনালদোর প্রতি সম্মান জানিয়ে বিশেষ আয়োজনও ছিল। পর্তুগালের খেলোয়াড়েরা মাঠে নামার আগে তাঁর সাত নম্বর জার্সি পরে ওয়ার্মআপ করেন। গ্যালারিতেও সাবেক অধিনায়কের প্রতি ভালোবাসা জানান সমর্থকেরা। কিন্তু ডেনমার্কের চতুর্থ গোলের পর হতাশ সমর্থকদের কেউ কেউ রোনালদোর নাম ধরে স্লোগান দিতে থাকেন।

এদিকে দলের এমন হারের জন্য প্রস্তুত ছিলেন না বলে জানিয়েছেন জেসুস। তিনি বলেন, ‘কেউই সন্তুষ্ট নয়, কেউই খুশি নয়। এখানে হারতে হতে পারে, এমন সম্ভাবনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। ৪-১ গোলে হারব, সেটা তো আরও ভাবিনি।’

ডেনমার্কের বিপক্ষে নিজেদের রক্ষণভাগের দুর্বলতা ও প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে না পারার বিষয়টিও স্বীকার করেছেন পর্তুগাল কোচ। তাঁর মতে, পুরো দলই প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে।

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর পর্তুগালের সামনে এখন নতুন নেতৃত্ব ও আক্রমণভাগের সমন্বয় গড়ে তোলার চ্যালেঞ্জ। আর প্রথম ম্যাচের বড় হার সেই চ্যালেঞ্জকে আরও স্পষ্ট করে তুলেছে।