তালায় বাল্যবিয়ের ঘটনায় বর ও কনের পিতাকে কারাদণ্ড ও জরিমানা

সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে দেওয়ায় বর ও কনের পিতাকে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করাছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে তালা সদরের মহল্লাপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর আলোকে এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বরের পিতা উপজেলার নগরঘাটা এলাকার মো. নুরুল ইসলাম (৪৫), কনের পিতা তালা সদরের মহল্লাপাড়া শেখ সুমন (৩৬)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় একটি বাল্যবিয়ে আয়োজন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা। খবরপেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বর ও তার আত্নীয়রা। পরে ঘটনাটি প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইনে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বরের পিতাকে ৩ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করেন আদালত। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা জানায়, সমাজে বাল্যবিয়ে রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

