রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু কাজে লাগাব: এরদোয়ান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ৪:২০ অপরাহ্ন
বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু কাজে লাগাব: এরদোয়ান

বাংলাদেশের উন্নয়নে নিজের এবং তুরস্কের সামর্থ্যের সবটুকু কাজে লাগানোর আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট।

গত ১০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) চলাকালে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রবিবার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি জানান, বৈঠকে এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, ‘আপনি বাংলাদেশের মানুষের নেতা। এর বাইরে আপনি আমার মূল্যবান ভাই। আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব। আমার এবং তুরস্কের যতটুকু সক্ষমতা রয়েছে, বাংলাদেশের জন্য তার সবটুকু করব। আপনি শুধু আমাকে জানাবেন, কোথায় কী করতে হবে।’

হুমায়ুন কবির বলেন, বহুপক্ষীয় সম্মেলনের আয়োজক দেশের প্রেসিডেন্ট সাধারণত খুব বেশি দ্বিপক্ষীয় বৈঠক করেন না। তবে এরদোয়ান অল্প কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। সেই তালিকায় প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। দুই নেতার মধ্যে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। তুরস্ক ও বাংলাদেশের সম্পর্ক এখন অনন্য উচ্চতায় পৌঁছেছে। এ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে কৌশলগত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।

প্রতিরক্ষা সহযোগিতার বিষয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ এবং ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথ বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও ফলপ্রসূ কথাবার্তা হয়েছে।

এ ছাড়া রোহিঙ্গাদের জন্য অর্থায়ন এবং ‘ইন্টারন্যাশনাল ভয়েস অব কো-অপারেশন, টুগেদার উই ক্যান পারসু’ উদ্যোগ নিয়েও দুই নেতার মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবির।