যে ৫ কারণে বাংলাদেশে ফেরা কঠিন শেখ হাসিনার, এনডিটিভির বিশ্লেষণ

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেও তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা বেশ জটিল বলে মনে করছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। প্রত্যর্পণ চুক্তির আইনি জটিলতা, মৃত্যুদণ্ডের রায়, পাসপোর্ট না পাওয়া, নিরাপত্তাঝুঁকি এবং দুই দেশের কূটনৈতিক সমীকরণ—সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরা সহজ হচ্ছে না।
সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথে পাঁচটি বড় বাধার কথা তুলে ধরেছে এনডিটিভি।
১. ভারতের কাছ থেকে প্রত্যর্পণের অনিশ্চয়তা
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট। সরকার চায়, ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে হস্তান্তর করা হোক। তবে এ বিষয়ে ভারতের সম্মতি পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করছে এনডিটিভি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীনই তাঁকে ভারতে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। পরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে সামরিক সদস্যদের তত্ত্বাবধানে তিনি ভারতে পৌঁছান। সে সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।
বাংলাদেশে অনুপস্থিতিতে বিচার করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে প্রত্যর্পণ চুক্তির শর্ত বিবেচনায় তাঁকে হস্তান্তরের বিষয়টি ভারতের জন্য জটিল হয়ে উঠতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে এনডিটিভি।
২. বাংলাদেশে নিরাপত্তাঝুঁকি ও রাজনৈতিক সহিংসতার আশঙ্কা
শেখ হাসিনার দেশে ফেরার পথে আরেকটি বড় বাধা হিসেবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে দেখছে এনডিটিভি। সংবাদমাধ্যমটির বিশ্লেষণ অনুযায়ী, দেশে রাজনৈতিক সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। অতীতে ক্ষমতাসীন ও বিরোধী—উভয় পক্ষের রাজনৈতিক ব্যক্তিত্ব সহিংসতার শিকার হয়েছেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির বাসভবনে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় দেশের বাইরে থাকায় বেঁচে যান তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৯৮১ সালে চট্টগ্রামে সেনাবাহিনীর বিদ্রোহী কর্মকর্তাদের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এনডিটিভির মতে, বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার অতীত এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে তাঁর বিরুদ্ধে থাকা ক্ষোভ ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য হুমকি প্রত্যাবর্তনের আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে।
৩. পাসপোর্ট বা ট্রাভেল পাস পাওয়ার অনিশ্চয়তা
দেশে ফিরতে হলে শেখ হাসিনার সামনে পাসপোর্ট অথবা ট্রাভেল পাস পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
রয়টার্সের একটি প্রতিবেদনের বরাতে এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষ থেকে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদন করার খবর পাওয়া গেছে। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এ ধরনের উদ্যোগ এটিই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আবেদনটি শেখ হাসিনা নিজে করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সরকার শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না। তাঁর এই আবেদনকে রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না; বরং তাদের হস্তান্তরের দাবি জানিয়েছে সরকার।
ফলে পাসপোর্ট পাওয়ার পথও শেখ হাসিনার জন্য বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
৪. প্রত্যর্পণ চুক্তির আইনি জটিলতা
ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনার ক্ষেত্রে এর প্রয়োগ নিয়ে বেশ কিছু আইনি প্রশ্ন রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
চুক্তি অনুযায়ী, কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য সংশ্লিষ্ট অপরাধটি দুই দেশের আইনেই অপরাধ হিসেবে স্বীকৃত হতে হবে এবং এর শাস্তি অন্তত এক বছরের কারাদণ্ডযোগ্য হতে হবে। একে বলা হয় ‘দ্বৈত অপরাধযোগ্যতা’।
শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে ভারতের বর্তমান ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) আইনে ‘মানবতাবিরোধী অপরাধ’ নামে সুনির্দিষ্ট কোনো অপরাধের সংজ্ঞা নেই। ফলে এ ক্ষেত্রে চুক্তির শর্ত কীভাবে কার্যকর হবে, তা নিয়ে জটিলতা রয়েছে।
এ ছাড়া প্রত্যর্পণের আবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হলে কিংবা বিচারপ্রক্রিয়া সদিচ্ছাপ্রসূত নয় বলে প্রতীয়মান হলে তা প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। চুক্তিতে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ না করার বিধানও রয়েছে।
তবে হত্যা, নরহত্যা, শারীরিক আক্রমণ, সন্ত্রাসবাদ ও বিস্ফোরক ব্যবহারের মতো গুরুতর সহিংস অপরাধকে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম হিসেবে বিবেচনা করা হতে পারে। তাই শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর আইনি ব্যাখ্যা প্রত্যর্পণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
৫. বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভারত-বাংলাদেশ সম্পর্ক
শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নটি শুধু আইনি বা নিরাপত্তার বিষয় নয়; এর সঙ্গে দুই দেশের কূটনৈতিক সম্পর্কও জড়িত।
এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অস্বস্তির কারণ হয়ে উঠেছে। বাংলাদেশের বর্তমান সরকার তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে চাইলেও ভারত বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে শেখ হাসিনার দীর্ঘদিন ভারতে অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব ও বিভিন্ন গোষ্ঠীর তৎপরতা বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুই দেশই এ পরিস্থিতির সমাধান চাইলেও শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো কঠিন হতে পারে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ব্যাখ্যা করতে গিয়ে এনডিটিভি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাসিত জীবন থেকে দেশে ফেরার ঘটনাটিও তুলে ধরেছে।
প্রতিবেদন অনুযায়ী, লন্ডনে অবস্থানকালে তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। দেশে ফেরার আগে তিনি ট্রাভেল পাসের আবেদন করেন এবং দেশে ফেরার এক সপ্তাহেরও কম সময় আগে তা পান।
তবে তাঁর ক্ষেত্রে দেশে ফেরার পথ সহজ হয়েছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার হওয়ায়। বিপরীতে শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হয়েছেন এবং তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ফলে দুই নেতার দেশে ফেরার পরিস্থিতি এক নয়।
সব মিলিয়ে এনডিটিভির বিশ্লেষণ বলছে, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলেও তাঁকে ঘিরে থাকা আইনি জটিলতা, নিরাপত্তা পরিস্থিতি, পাসপোর্ট-সংক্রান্ত বাধা এবং ভারত-বাংলাদেশের কূটনৈতিক সমীকরণ তাঁর প্রত্যাবর্তনকে অনিশ্চিত করে তুলেছে। তাই আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেও বাস্তবে তাঁর ফেরা অত্যন্ত কঠিন হতে পারে।

