আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি থেকে সরে আসার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জনগণের স্বার্থ এবং সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সংস্থাটির ঋণের শর্ত ও কর্মসূচি সমন্বয় করা হচ্ছে। এ নিয়ে আইএমএফের সঙ্গে সরকারের আলোচনা চলছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এই সমন্বয় প্রক্রিয়া শেষ করে ঋণ কর্মসূচি স্বাভাবিক ধারায় ফিরবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের তারকা হোটেল ওশান প্যারাডাইসের বলরুমে দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিকল্প উৎস থেকে উন্নয়ন অর্থায়নের সুযোগ থাকা সত্ত্বেও আইএমএফের ঋণ কর্মসূচি অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা সমন্বয়ের কাজ চলছে। একইভাবে আইএমএফের সঙ্গেও আলোচনা অব্যাহত রয়েছে। সব উন্নয়ন সহযোগীর কর্মসূচির মধ্যে সমন্বয় নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, উন্নয়ন সহযোগীদের পৃথক পৃথক কর্মসূচির মধ্যে সমন্বয় না থাকলে প্রকল্প বাস্তবায়নে জটিলতা তৈরি হয়। এ কারণে দেশের অর্থনৈতিক বাস্তবতা ও অগ্রাধিকার বিবেচনায় নিয়ে উন্নয়ন সহযোগীদের অর্থায়ন এবং কর্মসূচি সাজাতে চায় সরকার।
আইএমএফের ঋণ কর্মসূচি থেকে সরকার সরে আসছে বলে যে আলোচনা রয়েছে, তা নাকচ করে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের নেই। বরং আইএমএফের সঙ্গে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো সমাধানে দুই পক্ষের দুটি কার্যদল কাজ করছে। আলোচনার মাধ্যমে ঋণের শর্ত ও কর্মসূচিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে কার্যদল দুটির কাজ শেষ হওয়ার প্রত্যাশা রয়েছে। আইএমএফের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা কিংবা ঋণ কর্মসূচি বন্ধ করা সরকারের উদ্দেশ্য নয়। বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, জনগণের স্বার্থ এবং সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখেই কর্মসূচিটি বাস্তবায়ন করতে চায় সরকার।
অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

