ঘুষ গ্রহণের অভিযোগে শরীয়তপুর ভূমি অফিসে দুদকের অভিযান

শরীয়তপুরের ডামুড্যায় জমির নামজারি (মিউটেশন) করে দেওয়ার আশ্বাসে সেবাগ্রহীতার কাছ থেকে সাড়ে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ ঘুষের টাকা ফেরত দেওয়ার বিষয়টি দুদকের কর্মকর্তাদের সামনেও স্বীকার করেছেন। অভিযানে ঘুষ গ্রহণ ও টাকা ফেরত দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।
সোমবার (১৬ নভেম্বর) প্রধান কার্যালয়ের নির্দেশে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফ হোসেনের নেতৃত্বে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে এ অভিযান পরিচালিত হয়।
দুদক সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ শরীয়তউল্লাহর বিরুদ্ধে নামজারির কাজে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের পর গণমাধ্যমের ক্যামেরার সামনে তা ফেরত দেওয়ার অভিযোগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি দুদকের নজরে এলে সোমবার সরেজমিনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক আরিফ হোসেন সাংবাদিকদের বলেন, ঘুষ গ্রহণ এবং পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে।
এ বিষয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ূবী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগামী ১৮ নভেম্বর অভিযুক্ত কর্মকর্তা ও ভুক্তভোগীকে নোটিশ দিয়ে ডাকা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।
এদিকে, অভিযুক্ত উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ শরীয়তউল্লাহর দাবি, তাকে পরিকল্পিতভাবে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তবে এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি।

