যশোর রিজিয়নে বিজিবির বড় সাফল্য: ৮৫ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক

যশোর রিজিয়নে বিজিবির বড় সাফল্য: ৮৫ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক
বেনাপোল প্রতিনিধি:
সীমান্তে নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর রিজিয়নের অভিযান আরও জোরদার করা হয়েছে। এসব অভিযানে গত সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১৫৪ জন আসামিসহ ৮৫ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৭৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি।
সোমবার (১৬ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে ৪ হাজার ১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। এ অঞ্চলে কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীন সাতটি ব্যাটালিয়ন সীমান্তে চোরাচালান প্রতিরোধে কাজ করছে।
বিজিবির অভিযানে আটক করা মালামালের মধ্যে রয়েছে ৯.৩৪৯ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, ৩ হাজার ১৯২ বোতল বিদেশি মদ, ২.৪২৮ কেজি হেরোইন, ১৮৯.৫৯ কেজি গাঁজা, ৭৭ হাজার ৩১১ পিস ইয়াবা, ১ হাজার ১৭ বোতল ফেনসিডিল, ৭.০৯৭ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২১ হাজার ৬২ বোতল নেশাজাতীয় সিরাপ এবং বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট।
এদিকে, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ যশোর জেলার শার্শা ও চৌগাছা উপজেলায় একই সময়ে অভিযান চালিয়ে ৬ কোটি ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল আটক করেছে। এ সময় আটজন আসামিকে আটক করা হয়।
৪৯ বিজিবির অভিযানে ১১৬.৬৫ গ্রাম স্বর্ণ, শাড়ি, কম্বল, থ্রিপিস, শাল-চাদর ও প্রসাধনসামগ্রীর পাশাপাশি ৭০৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৫৭ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৭০ পিস ইয়াবা এবং ২৭.৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সীমান্তে নিরাপত্তা জোরদার
দেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া রাতের বেলায় নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে, যাতে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
সীমান্ত নিরাপত্তায় সাংবাদিকসহ স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অপরিচিত, সন্দেহভাজন বা বিতর্কিত ব্যক্তির চলাচল কিংবা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা নজরে এলে দ্রুত বিজিবিকে অবহিত করতে হবে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, কোনো বিতর্কিত, পলাতক কিংবা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বিজিবি বদ্ধপরিকর। সীমান্তবর্তী জনগণের পাশে থেকে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে বিজিবি কাজ করে যাচ্ছে। এ কাজে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

