খুলনায় এসআরবি-৬-এর পৃথক অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার-১

খুলনা মহানগরীতে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির পৃথক দুটি অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় রাজিয়া বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর-২০২৬) রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের পাবলা ফকিরপাড়া এলাকায় অভিযান চালায় এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগমকে গ্রেফতার করা হয়। তিনি পাবলা এলাকার কবির বটতলা এলাকার বাসিন্দা এবং মৃত শামীম জোয়াদ্দারের স্ত্রী।
এ ছাড়া শনিবার (১৪ নভেম্বর-২০২৬) রাত ২টার দিকে খুলনা মহানগরীর সদর থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়। নগরীর দক্ষিণ টুটপাড়া ২৮ নম্বর ওয়ার্ডের বালুর মাঠসংলগ্ন ফিরোজ নামে এক ব্যক্তির বাড়ির বাইরের টিনের প্রাচীরের পাশে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এসব ঘটনায় উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেফতার রাজিয়া বেগমের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সদর থানায় অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়াও চলমান রয়েছে।
এসআরবি ফোর্সেসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারেও বাহিনীটি কাজ করে যাচ্ছে।
বেনাপোল প্রতিনিধি -আলমগীর হোসেন তোতা

