গোপালগঞ্জে বিএনপি এমপির অফিসে ভাঙচুর, আসবাবপত্রে আগুন

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ সময় তার মালিকানাধীন ক্লিনিকেও ভাঙচুর করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডা. কে এম বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ড্যাবের নেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী থানাপাড়া এলাকায় এমপি বাবরের মালিকানাধীন আরাফ ক্লিনিকের সামনে গিয়ে স্লোগান দেন। ক্লিনিকের নিচতলায় তার ব্যক্তিগত একটি কার্যালয় ছিল।
এ সময় কার্যালয়ের আসবাবপত্র বাইরে বের করে ভাঙচুর করা হয়। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর ক্লিনিকে চিকিৎসাধীন রোগীরা আতঙ্কিত হয়ে অন্যত্র চলে যান।
একই দিন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ ছাড়া কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

