যশোরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

যশোরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা দুটি আলাদা মামলায় ৯ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে কোতোয়ালি মডেল থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ ফাঁড়ির সদস্যরা আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন-ঝুমঝুরপুর চান্দের মোড় এলাকার সাগর শেখ, ঝুমঝুমপুর মিন্টুর মোড় এলাকার ফয়সাল বেপারী, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মামুন ওরফে লেটা মামুন, পুরাতন কসবা কাজীপাড়ার কাজী মহিউদ্দিন, খালধার রোড বরফ কল এলাকার রবিউল ইসলাম, বারান্দীপাড়া খালধার রোড এলাকার মিশকাত খান হিমেল, মণিরাপুরের আমিনপুর গ্রামের আবুল কালাম আজাদ, শহরতীর ছোট শেখহাটির রুবেল হোসেন ও নতুন খয়েরতলা মোড় এলাকার রাজিব হাসান।
মামলার বিবরণে জানা যায়, ১ নভেম্বর ভোরে যশোর শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। ২ নভেম্বর এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলা তদন্তকালে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ছয় জনকে আটক করেছে পুলিশ। ৬ জুন রাতে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনায় সমবেত হন।
এ সময় তারা বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে থাকা ছবি, ব্যানার, পোস্টার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করেন। এ ঘটনায় বাকি তিনজনকে আটক করে পুলিশ। আটক নয়জনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

