মাথাব্যথা থেকে মুক্তি পেতে রাসুল (সা.)-এর শেখানো দোয়া

মাথাব্যথা ছোটখাটো সমস্যা মনে হলেও কখনো কখনো তা এতটাই তীব্র হয় যে সহ্য করা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় তাঁর রব। কারণ, তিনিই সব কষ্টের উপশমকারী এবং অন্তরের প্রশান্তিদাতা।
শরীরের যেকোনো ব্যথা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য রাসুলুল্লাহ (সা.) একটি দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো—
আরবি:
أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
উচ্চারণ: আউজু বি-ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরুহ।
অর্থ: আল্লাহর সম্মান ও ক্ষমতার আশ্রয় প্রার্থনা করছি, আমার অনুভূত এই ব্যথা এবং যে ক্ষতির আশঙ্কা করছি, তা থেকে।
হাদিসের বর্ণনা:
ওসমান বিন আবুল আস আসসাকাফি (রা.) বলেন, তিনি একবার প্রচণ্ড ব্যথা নিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে উপস্থিত হন। ব্যথার কারণে তিনি প্রায় অক্ষম হয়ে পড়েছিলেন। তখন রাসুলুল্লাহ (সা.) তাঁকে বলেন, ‘তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রাখবে এবং সাতবার এই দোয়া পড়বে।’
(সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর: ৩৫২২)

