শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার জন্য দায়ী করে ঐতিহাসিক রায় ঘোষণার পরদিন সকালে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে গেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রোহিঙ্গা ক্যাম্পের একটি খেলার মাঠে সমবেত শরণার্থী, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সামনে বক্তব্য দেন তিনি।

বক্তব্যের শুরুতে আবেগঘন কণ্ঠে ড. খলিলুর রহমান বলেন, “গতকাল দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত কথা বলেছেন। আদালত তোমাদের নাম উচ্চারণ করেছেন—‘রোহিঙ্গা’। আদালতের রায় স্পষ্ট: ২০১৭ সালে তোমাদের ওপর যা চালানো হয়েছিল, তা ছিল গণহত্যা।”

এ সময় বিচার দেখে যেতে না পারা নিহত রোহিঙ্গাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

এর আগে বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে আশ্রয়শিবিরগুলোতে কাজ করার স্মৃতিচারণ করেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, “আমি নিউইয়র্ক থেকে তোমাদের নিয়ে কথা বলতে চাইনি। আমি তোমাদের পাশে এসে দাঁড়াতে চেয়েছি। বছরের পর বছর তোমরা বিশ্ববাসীকে তোমাদের কথা শোনার আহ্বান জানিয়েছ—আজ বিশ্ব তা শুনেছে।”

তিনি উল্লেখ করেন, ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে আন্তর্জাতিক বিচার আদালত। আদালত প্রমাণ পেয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং গ্রামগুলো ধ্বংস করেছে। একই সঙ্গে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবেও স্বীকৃতি দিয়েছেন আদালত।

এই ঐতিহাসিক অর্জনে আইনি লড়াই চালানো গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি দেশ, আদালতের বিচারক, জাতিসংঘের তদন্তকারী দল এবং আশ্রয়দাতা বাংলাদেশ সরকার, জনগণ ও উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি সাহসিকতার সঙ্গে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গা নারী ও ভুক্তভোগীদের প্রতিও বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন।

রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের জীবনে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠায় চার দফা আহ্বান জানান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি।

প্রথমত, জবাবদিহি ও বিচার নিশ্চিত করতে গণহত্যা সনদের অধীনে অপরাধে জড়িত সন্দেহভাজনদের অবিলম্বে তদন্ত, বিচার ও শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীণ আইনের ত্রুটি সংশোধন করে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা দিতে হবে।

দ্বিতীয়ত, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। তাদের হারানো ঘরবাড়ি, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া অথবা ক্ষতিপূরণ দেওয়া, পরিবারগুলোকে একত্র করা এবং নাগরিকত্ব ও নিরাপত্তার অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মিয়ানমারে জাতিসংঘের কাজ করার সুযোগ দিতে হবে।

তৃতীয়ত, রোহিঙ্গাদের ব্যক্তি ও সম্প্রদায় হিসেবে অপূরণীয় ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে আগামী দুই বছরের মধ্যে মিয়ানমারকে প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানান তিনি। নিরাপদ প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত আশ্রয়শিবিরে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগীদের অর্থায়ন বাড়ানোরও আহ্বান জানান। কারণ, বাংলাদেশের একার পক্ষে এই ভার বহন করা সম্ভব নয়।

চতুর্থত, আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে রোহিঙ্গারা ভয়হীনভাবে বসবাস করতে পারবেন। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী আইসিজের রায় মানা বাধ্যতামূলক উল্লেখ করে তিনি বলেন, রায় বাস্তবায়নে ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে।

বক্তব্যের শেষে ১৯৪৮ সালের গণহত্যা সনদের প্রসঙ্গ টেনে ড. খলিলুর রহমান বলেন, “গতকাল সেই সনদ এমন এক জনগোষ্ঠীর পক্ষে কাজ করেছে, যাদের কোনো সেনাবাহিনী বা ক্ষমতা নেই। সাধারণ পরিষদের চলতি অধিবেশনের মূলমন্ত্র হলো ‘আস্থা পুনরুদ্ধার’। গতকালের রায়ের মাধ্যমে বিশ্ব তোমাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় একটি বড় পদক্ষেপ নিয়েছে। এখন পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তোমাদের নিরাপদে ঘরে ফেরা পর্যন্ত আমাদের একসঙ্গে পথ চলতে হবে।”