সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করলো সরকার

বেসামরিক সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্যও নতুন বেতন ও ভাতা নির্ধারণ করেছে সরকার। নতুন কাঠামোতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর তিন বাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। আর একজন সৈনিকের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ টাকা।
‘জাতীয় বেতন স্কেল ২০২৬’-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ৮৪ পৃষ্ঠার পৃথক বেতন ও ভাতা নির্দেশাবলি গত ১৫ নভেম্বর জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বেসামরিক সরকারি চাকরিজীবীদের মতো সামরিক বাহিনীর সদস্যদের নতুন মূল বেতনও ধাপে ধাপে কার্যকর হবে। এ বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য করা হয়েছে।
ধাপে ধাপে কার্যকর হবে নতুন বেতন
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রথম ছয় মাসে বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত সদস্যরা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। অন্যদিকে, সার্জেন্ট থেকে নিচের পদমর্যাদার সদস্য ও ক্যাডেটরা পাবেন ৫০ শতাংশ।
পরবর্তী ছয় মাসে বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত সদস্যরা আরও ৩০ শতাংশ এবং সার্জেন্ট থেকে নিচের পদমর্যাদার সদস্য ও ক্যাডেটরা আরও ২৫ শতাংশ বেতন পাবেন।
২০২৭ সালের ১ জুলাই থেকে সবাই পূর্ণ বেতন পাবেন। তবে বর্ধিত হারে ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগ পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনে প্রচলিত হারেই ভাতা দেওয়া হবে।
পদমর্যাদা অনুযায়ী নতুন মূল বেতন
নির্দেশনায় বাহিনীপ্রধান থেকে শুরু করে কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), সৈনিক, রিক্রুট ও ক্যাডেটদের জন্য আলাদা বেতনসীমা নির্ধারণ করা হয়েছে। নৌ ও বিমানবাহিনীর সমমর্যাদার সদস্যদের ক্ষেত্রেও একই কাঠামো প্রযোজ্য হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, পদমর্যাদাভিত্তিক মূল বেতন হলো—
- বাহিনীপ্রধান (তিন বাহিনী): ১ লাখ ৭২ হাজার টাকা
- লেফটেন্যান্ট জেনারেল/ভাইস অ্যাডমিরাল/এয়ার মার্শাল: ১ লাখ ৬৪ হাজার টাকা
- মেজর জেনারেল/রিয়ার অ্যাডমিরাল/এয়ার ভাইস মার্শাল: ১ লাখ ৫৬ হাজার টাকা
- ব্রিগেডিয়ার জেনারেল (১৭তম বছরে): ১ লাখ ৩২ হাজার ৩০০ টাকা
- কর্নেল (১৭তম বছরে): ১ লাখ ২৫ হাজার ৩০০ টাকা
- লেফটেন্যান্ট কর্নেল (১৭তম বছরে): ১ লাখ ২২ হাজার টাকা
- মেজর (১৭তম বছরে): ১ লাখ ১৭ হাজার ৭০০ টাকা
- ক্যাপ্টেন (প্রথম বছরে): ৫৮ হাজার টাকা
- লেফটেন্যান্ট (প্রথম বছরে): ৪৮ হাজার ৩০০ টাকা
- সেকেন্ড লেফটেন্যান্ট (প্রথম বছরে): ৪৬ হাজার ২০০ টাকা
- সৈনিক: ২১ হাজার ৪০০ টাকা
এ ছাড়া সেনাবাহিনীর মেডিকেল, ডেন্টাল, প্রকৌশল, সিগন্যালস ও ইএমই কোরের কর্মকর্তাদের জন্যও পৃথক নির্দেশনা রাখা হয়েছে।
বাড়ানো হয়েছে বিভিন্ন ভাতা
মূল বেতনের পাশাপাশি কমান্ড, স্টাফ, চার্জ ও শিক্ষকতা ভাতার হারও বাড়ানো হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, বাহিনীপ্রধান মাসে এ ভাতা পাবেন ৩ হাজার ৭৫০ টাকা। লেফটেন্যান্ট জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তারা পাবেন ২ হাজার ৮৬০ টাকা, মেজর জেনারেল ২ হাজার ৪২১ টাকা, ব্রিগেডিয়ার জেনারেল ২ হাজার ২০০ টাকা, কর্নেল ১ হাজার ৯৮২ টাকা, লেফটেন্যান্ট কর্নেল ১ হাজার ৭৬৪ টাকা, মেজর ১ হাজার ৩৩০ টাকা এবং ক্যাপ্টেন ও তদনিম্ন পদমর্যাদার কর্মকর্তারা পাবেন ৮৮০ টাকা।
এ ছাড়া যোগ্যতা ভাতা বাড়িয়ে মাসে ৫৫৪ থেকে ৮৮০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
উড্ডয়ন, বিশেষজ্ঞ ও ঝুঁকি ভাতা
নতুন কাঠামোতে উড্ডয়ন ভাতার হারও নির্ধারণ করা হয়েছে। সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ও তদূর্ধ্ব পদমর্যাদার পাইলট ও ক্রু, নৌবাহিনীর কমান্ডার ও তদূর্ধ্ব কর্মকর্তা এবং বিমানবাহিনীর এয়ার কমোডর ও তদূর্ধ্ব কর্মকর্তারা মাসে ১২ হাজার টাকা উড্ডয়ন ভাতা পাবেন। এর নিচের নির্দিষ্ট পদগুলোর জন্য এ ভাতা ১০ হাজার টাকা। আর বিমানবাহিনীর গ্রাউন্ড প্রশিক্ষকদের জন্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
চিকিৎসক কর্মকর্তাদের বিশেষজ্ঞ ভাতাও পদমর্যাদা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। মেজর জেনারেল ও তদূর্ধ্ব পর্যায়ে এ ভাতা ২ হাজার ৮৩০ টাকা, ব্রিগেডিয়ার জেনারেল ২ হাজার ২০০ টাকা, কর্নেল ১ হাজার ৯৮২ টাকা, লেফটেন্যান্ট কর্নেল ১ হাজার ৭৬৪ টাকা এবং মেজর পর্যায়ে ১ হাজার ৩৩০ টাকা।
অন্যান্য ভাতার মধ্যে সাবমেরিন ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার ৫০০ টাকা করা হয়েছে। প্যারাসুট ও স্কুবা ডাইভিং ভাতা ৬৬৪ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা এবং স্নাইপার ভাতা ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৭ হাজার ২০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে ৬ হাজার ৬৯০ টাকা করা হয়েছে। এ ছাড়া কিট ভাতা ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ১ হাজার ২০০ টাকা, ডিস্টার্ব্যান্স ভাতা ২ হাজার ২০০ টাকা এবং দৈনিক ঝুঁকি ভাতা ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
যুক্ত হয়েছে নতুন চার ভাতা
নতুন বেতন কাঠামোতে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চারটি নতুন ভাতা যুক্ত করা হয়েছে।
১. মোবাইল ভাতা: মেজর ও তদূর্ধ্ব কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদমর্যাদার সদস্যরা ১৫০ টাকা পাবেন।
২. প্রতিবন্ধী সন্তানের ভাতা: প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে সর্বোচ্চ দুই সন্তানের ভাতা পাওয়া যাবে।
৩. হাওর-দ্বীপ-চর ভাতা: মূল বেতনের ২০ শতাংশ হারে এ ভাতা দেওয়া হবে, তবে সর্বোচ্চ ৫ হাজার টাকা।
৪. তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা: রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত সদস্যরা মাসে ২ হাজার টাকা করে পাবেন।
নতুন নির্দেশনার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যদের মূল বেতন ও বিভিন্ন ভাতার পাশাপাশি দায়িত্ব ও কর্মক্ষেত্রের ঝুঁকি বিবেচনায় অতিরিক্ত সুবিধাও নির্ধারণ করা হয়েছে।

