শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ড থামাতে গিয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ৯

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ড থামাতে গিয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ৯

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী মেজবাউল হক মিজুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরকে হামলার জন্য দায়ী করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।

হলের একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু কয়েকজন জুনিয়র শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করতে হল থেকে বের হন। এ সময় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ ও সিফাতের সঙ্গে তাঁদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হুমকি-ধমকির ঘটনা ঘটে। পরে মিছিল শেষে হলে ফেরার পথে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু অভিযোগ করেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও আসাদুজ্জামান নূর সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা তাঁদের ওপর হামলা করেন।

মিজু বলেন, ‘আমরা সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল করে সোহরাওয়ার্দী হলের দিকে আসছিলাম। তখন ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা করেন। তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে সোহরাওয়ার্দী হলের ২০-৩০ জন এবং মাওলানা ভাসানী হলের ৪০-৫০ জন এসে আমাদের ওপর হামলা চালান।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমিও আহত হয়েছি। আমার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের জ্যেষ্ঠ নেতাদের দায় এড়ানোর সুযোগ নেই।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বাকৃবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ। তাঁর দাবি, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। গত ৩ নভেম্বর ঈশা খাঁ হলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা থেকে এ বিরোধের সূত্রপাত। বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে সমাধানের সুযোগ থাকলেও মিজু সেটিকে হল পর্যায়ের সংঘাতে রূপ দেওয়ার চেষ্টা করেন।

তায়েফ মাহমুদ বলেন, ৫ নভেম্বর জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে উসকানি দেওয়ার প্রতিবাদ করলে তাঁদের ওপর হামলা হয়। সর্বশেষ ছাত্রলীগবিরোধী মিছিলের আগে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা নেওয়া হয়েছে কি না, তা জানতে চাইলে আবারও হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদল নেতা সিফাত মাথায় গুরুতর আঘাত পান এবং তিনিও আহত হন বলে দাবি করেন তায়েফ।

তিনি আরও বলেন, ‘একটি পক্ষ ছাত্রদলের সাংগঠনিক পদ ব্যবহার করে বিভাজন সৃষ্টি ও সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করছে। ওই পক্ষের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন রয়েছে। বাকৃবি ছাত্রদল কোনো বিভাজন চায় না। কেন্দ্রীয় নেতা আতিক, শফিক ও শোয়াইবের নির্দেশনায় একক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চায়।’

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব জানান, হামলার ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁর অভিযোগ, ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংগঠনকে বিতর্কিত করতে এবং ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন।

তিনি আরও বলেন, ‘মিজু ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী। ছাত্রলীগকে সামনে আনা এবং ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এসব অভিযোগ করা হচ্ছে।’

এ বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, উভয় পক্ষের বক্তব্যে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। তাই সিসিটিভি ফুটেজ যাচাইয়ের আগে ঘটনার বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম জানান, ঘটনার পর তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি সমাধানে দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিরোধ নিষ্পত্তির চেষ্টা করছে।